বেলা শেষে
শীতের পড়ন্ত বিকেলে উষ্ণতা হারায় সূর্য
স্নিগ্ধ কোমল রক্তিম বর্ণ তখন তার
নদীর বুকে অস্ত যাবার আগে,ছড়িয়ে দেয় রক্তিম আলো সারা আকাশ জুড়ে
তার প্রতিবিম্ব রাঙিয়ে তোলে বহমান নদী কেও।
চারিদিকে তখন হাট ভাঙ্গা নিস্তব্ধতা ,সেই
নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিয়ে কলতানে উড়ে যায় পাখি নীড়ে।
আমি খেয়া ঘাটে বসে চোখ রাখি সূর্যের দিকে
শেষ আলোয় তোমার কপালের বলিরেখা গুলো স্পষ্ট দেখা যাচ্ছে আরো।
হিসেবের ছেড়া খাতার ভাজে আজও রয়ে গেছে
শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়িগুলো
স্মৃতিগুলো ফিকে হয়ে গেলও অনুভূতিটা এখনো সতেজ।
সমীকরণের অংক টা শিখে ওঠা হয়নি আজও
পারস্পরিক কিছু বোঝাপড়ার অভাব,কিছু জেদ!থাক ওসব কথা।
ভাগ শেষে অবশিষ্ট থাক,সব অংক মিলে গেলে রসায়নটা ঠিক জমে না
প্রতিটা সূর্যাস্তে লেখা থাকে একটা নতুন ভোরের কাহিনী।
ছবি : বিধান দেব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন