বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

কবিতা: সুমিত পতি

 




উত্তাপ

কেবলই নগ্ন হতে ইচ্ছে করে কবিতার কাছে
অবাধ্য হৃদয়গামী চোরাস্রোত আর কতদূর বেঁকে
ছুঁয়ে যাবে আমাদের ভালোমন্দের জীবনের ইস্তেহার
শুধু ফুল পাখি লতাপাতাকেই ভালোবেসে
সাজিয়ে দেব কলসির জল, তৃষ্ণা মিটবে মাটির

মাটির কাছাকাছি কবিতার বীজ রেখে যাবো
আর কিছুই মনে পড়ে না, কি লিখব, কেনই বা লিখব

বীজ একদিন ঠিক স্মরণ  করবে আবহমানকে
বীজ একদিন ঠিক কঠিন হবে জন্মের উত্তাপে

কবিতাকে উত্তাপ ছাড়া আর কিই বা দেবার আছে? 


রাস্তা

কবিতার সাথে হাঁটবো বলে সেই কবে বেরিয়েছি
কাকডাকা ভোরের আহ্বানে সাড়া দিয়ে তুলে নিয়েছি
ইতস্তত  ভাবনা, এলোমেলো  কাগজ কলম, নোংরা আঙুল 
আর লিখেগেছি জন্ম-মৃত্যু, মৃতদেহ-সৎকার,  শ্মশান-ঘরদোর

লিখেছি যত, ছিঁড়েছি তত হাওয়ার গল্প, হা-হুতাশ জীবন
কেবল ঘুমের ভেতর নিজেকে প্রয়োজনীয় মনে হত, দামী খুব দামী
স্বপ্নের রঙ হতো গোলাপি সবুজ, এলোমেলো হৈ চৈ রাংতা

চৈ-চৈ হাঁসের জীবন থেকে চুরি করে আনা খুদ আর জল
কবিতার খিদে মেটে;  তৃষ্ণা মেটে, শান্ত হয় চোখের পাতা

ইচ্ছে, কবিতার সাথে হাঁটবো অনেককাল, আমার চাই সঠিক রাস্তা



ছবি: বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...