নিবেদিতা তুমি-১
উষ্ণ অভিমানের তলায় শুয়ে আছে শান্ত বালিয়াড়ি।
তার ওপর চোখ রাখি
ভুল করে নামিয়ে ফেলি উষ্ণীষ।
তবে ইচ্ছে করেই ভুল করি
শোধরানোরও অজুহাত খুঁজি।
ততক্ষণে তোমার রাগী দুটি চোখ কেমন
স্রোত হয়ে যায়।
ভাসি
ডুবি
অন্তরের মাঝে আবার দাঁড় করাই তোমায়
ক্রমে ভোর হয়
ভেতরটা দগদগে হয়ে ওঠে।
নিবেদিতা তুমি -২
আলোকিত পথের বাঁকে কাশ ফুলের গন্ধ লেগে আছে।
ওপারে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল।
পাশ দিয়ে বয়ে গেছে
সবুজ ধানের মহিমা।
নিবেদিতা কি আজও স্কুলে যায়?
তার পায়ে কি লেগে আছে শরৎের আগমনী শিশির?
অমীমাংসিত প্রেম দাঁড়িয়ে আছে একা।
কাকে যেন সে আজও খোঁজে
কার দিকে চেয়ে পথ যেন বসে থাকে আজও।
সরু আলপথ, দীঘল প্রেম আজও ভেসে থাকে বাতাসে।
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন