যতটা শূন্য ধরে
১
যতটা শূন্য ধরে ততোটাই শূন্য দিয়ে গড়া মাটির জরায়ু
পুড়েছে তুষের ক্রোধে, ভিজেছে শিশিরে
তবু কাছে গিয়ে দেখি গায়ে তার
ফিকে হয়ে আসা কার যেন আঙুলের ছাপ
কার যেন মৃত্যুহীন আয়ু
২
এ আকাশ এই হাওয়া ঘড়ির ডায়াল
দৃষ্টি সীমান্তের থেকে দূরে নক্ষত্রমণ্ডল কেশর ফোলানো রাত্রিমেঘ
সমস্ত জড়পুঞ্জের মধ্যে আমি ঢুকে পড়েছিলাম একদিন
আত্মভ্রূণ কেঁদে উঠছে ফুঁপিয়ে ফুঁপিয়ে
তার কান্না শুনেছি
আমিই সে অকৃত্রিম যোনি
নিজেকে প্রসব করে সারারাত একা একা রক্ত মুছেছি
৩
ছায়াচিত্র, স্বপ্ন-কাহিনীর
কাহিনীর মধ্যে নগ্ন নায়কনায়িকা
স্বপ্ন-সংগমে ডুবে যায়
ঘুম থেকে উঠে মদের বোতল খোলে। আবার ঘুমায়
আকাশে দু’একটা মেঘ
আঁধারে হারায়
৪
আমাদের শরীরে অদ্ভুত ক্যাথোড লাগানো
বাটন টিপলেই ঊনসত্তর শতাংশ যৌনতা
তেরো শতাংশ উদ্বেগ
অথবা আশি পার্সেন্ট হিংসা
বাড়ি ফেরবার পথে শান্ত আবেগ
শুধু মনে পড়ছে ভুল করে নিরানব্বই শতাংশ
শূন্যতা ক্যাথোড জড়ানো শরীরে চেয়েছিলাম
চেয়েছিলাম সতেরো শতাংশ শূন্যতা শরীরে মাত্র একদিন
জলের ভেতর অবিকল একই পাত্র ভেসে উঠেছিল
জমানো আঁধার, অনাদি…প্রাচীন
ছবি: বিধান দেব

মনমুগ্ধকর এবং চমৎকার
উত্তরমুছুনমনোমুগ্ধকর
উত্তরমুছুনমনমুগ্ধকর এবং চমৎকার
উত্তরমুছুনঅপূর্ব লাগলো । পার্থজিৎ এর সাম্প্রতিক এইসব কবিতায় বাঁকবদলের ইঙ্গিত । পার্থজিৎ আমার প্রিয় কবিদের অন্যতম ।
উত্তরমুছুনঅপূর্ব লাগলো । পার্থজিৎ এর সাম্প্রতিক এইসব কবিতায় বাঁকবদলের ইঙ্গিত । পার্থজিৎ আমার প্রিয় কবিদের অন্যতম ।
উত্তরমুছুনকবিতাগুলো পড়ে চুপ করে আছি। সব অনুভূতির যথাযথ প্রকাশ সবসময় সম্ভব হয় না। নীরবতাই বাঙ্ময় হয়ে ওঠে। সামান্য পাঠকের মুগ্ধতা জানিয়ে রাখি আলগোছে।
উত্তরমুছুনঅসামান্য লেখা। দুর্লভ লেখা।
উত্তরমুছুনবেশ ভালো লেগেছে কবি
উত্তরমুছুনঅসম্ভব ভালো লেখা পার্থজিৎ।
উত্তরমুছুনঅসাধারণ! 'যতটা শূন্য ধরে'...এইটুকুতেই যেন বিশ্বরূপ দর্শন হয়ে যায়...মৌন প্রশান্তির মত গভীর দর্শনের প্রলম্বিত ছায়ায় পেতে রাখি এবরোখেবরো বোধের আদল...মেঘ করে আসতে থাকে, বর্ষণের সম্ভাবনা ছাড়াই এক মোলায়েম আবছায়ায় ভরে উঠতে থাকে চারপাশ...এই বদলে যাওয়া তুমি আমাকে খুঁজেই পেলেনা, আমিও চাইনি খুঁজে পাও...উপলব্ধির কার্ণিশ থেকে টুপটাপ ঝরে পড়ছে শব্দগুচ্ছে ভরে ওঠা মেহফিল, ইমেজারির মৌতাত...জারণের বেলাভূমে আসঙ্গলিপ্সার মত ঢেউ...ঢেউয়ের পর ঢেউ...পার্থ বাবু, আপনার ম্যাজিক অভিজাত করে তোলে...
উত্তরমুছুন