তুমি, প্রিয়ংবদা
অন্তহীন পথের দিশা দেবে বলে আগুনে ঝাঁপিয়ে পড়তেই পারো বলেছিলে একদিন ;তুমিই প্রিয়ংবদা,
আর আজ আকাশের মগডালে বিছানায় আরাম আয়াশ; এত বাতাস তবুও ঝড়ের সাথে সড় করে
আমাকে হত্যা করার ষড়যন্ত্রের ঘুটি সাজাও
সাজাও সাজাও নারী তুমি আত্মঘাতের বক্রপথ
তোমার কান্নাভেজা বিছানা বলেছিলে একদিন
তোমার হৃদয়ে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ধ্রুবতারা
তোমার হাতে রয়েছে মাধুকরী মন্ত্র তুমিই বলেছিলে
বলেছিলে বিস্তৃর্ণমাঠ সাক্ষী রেখে বলেছিলে অস্ত্রপাণি।
কৃষ্ণের এক হাতে সুদর্শন তুমি বলেছিলে দুহাতে তোমার
প্রলয়ংকারী শত্রু নিধান অস্ত্র, ধ্বংসযজ্ঞ তোমার নিশানা,
তুমিই বলেছিলে প্রিয়ংবদা তোমার কথা ও কোলাজ ধ্রুপদ।
আর কতকাল অপেক্ষায় দিন গুনবো প্রিয়ংবদা
প্রেমের স্রোতস্বিনী বহে চলেছে কুলকুল
বয়সের ভার সইবো আর কতদিন, আমার অতৃপ্তি
জোয়ারের সাথে লীলাভূমি তটে হাবুডুবু মৃত শামুক
আমাকে উদ্ধারের কথা তো ছিলো, প্রিয়ংবদা তোমার।
এজন্মে আর হলোনা সখী জাতক জনমে দেখা দিও
এজন্মে আর হলোনা সই জাতক জনমে সুখ দিও
যাতনা দিও মিলন দিও যদি দাও মরু ক্যাকটাস যন্ত্রণা
বুকের মাঝখানে গোপন লালন,অস্ত্রপাণি ; তুমি যুদ্ধের
তুমি শান্তির তুমি শাস্তির প্রিয়ংবদা,আমাকে একরাশ আকাশ দিও জঞ্জালমুক্ত নির্মল বাতাস দিও।
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন