অকারণ
আমি আছি
পাকারাস্তার পাশে
পড়ে থাকা খোয়ার মতো
দেখি লাল নীল ডানাওয়ালা সাইকেল
তারা সবুজ প্রকৃতির পাখনা মেলে ওড়া ফড়িঙ
মাঝে মাঝে উঁকি মারা
রঙিন কালো ও সাদা স্বপ্ন
যেন আমাকে উড়িয়ে নিয়ে যায় তারা
খুশি হই আফশোসও করি
অকারণে অবৈধ অঞ্চলে ফড়িঙের গুপ্ত প্রেমের
সাক্ষী হয়ে যাই বলে
কি করব? আমার তো ওড়া নেই
ঘাড়ে পিঠে হাত দেওয়া নেই
রঙিন ঠোঁটের চিকিমিকি আদর কিংবা বক্ষের স্পর্শও নেই
তাই কালো পাথর ও মৃদু আলোয়
ঘোরের মতো পড়ে থাকি
অকারণেই ছায়ার ও প্রচ্ছায়ার ছায়া হয়ে পড়ে থাকি
অন্বেষণ
আমি তো মৃত্যুই চাই
অথবা বৃদ্ধাশ্রম
কিংবা ওই চক্রবর্তী বাবুর মতো
অ্যালশেসিয়ানের ঘর
অথবা ছেলে ও বউয়ের হাতে
ফাঁদে পড়া নতুন পাখির গান
মধ্যরাতে নিদ্রাহীন চোখে
দুফোঁটা জল গিয়ে পৌঁছায়
কোন সুনীল আকাশে নচিকেতার গলায়
যেখানে আমার পিতামহ প্রপিতামহ
অপেক্ষায় আছে শান্তিতে বসবাসের
অগ্রিম অন্বেষণে
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন