দূরত্ব
একটা ক্ষয়ে যাওয়া জীবন থেকে বহুদূরে
নিজের জন্য জমিয়েছি অপেক্ষা
হাহাকারের ভয়ে আঙ্গুল রেখেছি কানে
দূরত্ব বাড়ছে প্রেমিকার ঠোঁটের সাথে
আমারই শহর দূরে ঠেলেছে আমাকে
মুখোশ
দ্রুত এলাকা বাড়াচ্ছে লাল রং
রাজনীতিতে ঢুকে পড়ছে লাশ
জামা বদলে যাচ্ছে ডোমের
অঙ্কে ভুল করছি বারবার
কিছু ক্ষিপ্র ষাঁড় ঘুরছে এদিক সেদিক
তোষণ মিলে যাচ্ছে ভাষণে
ক্ষিদের সংজ্ঞা লিখতে গেলে
ভয় ঢুকে পড়ছে অভিধানে
মেঘ খুব কালো এখন
চেনা মানুষেরা দৃশ্য করেছে মুখোশ
আশঙ্কা বাড়তে বাড়তে আজ
নিজেকেই ভয় পেতে শুরু করছি
ট্যাটু
সর্বনাশের খেলা শুরু হলে
শীতের গানে তারাদের দীর্ঘশ্বাস
দূরে অপেক্ষায় থাকে ঘুণপোকা
সাপের সহবাসে ব্যাথার মলম
বাঁশি ভুলে যায় স্বরলিপি
কানাগলির মুখে কুকুরের বোবা কান্না
বন্ধ দরজায় অবাধ্য ঘা
বিশ্বস্ততা মৃত্যুর কাছে
আর স্মৃতির হাতে প্রতারকের ট্যাটু
ইনসমনিয়া
ইনসমনিয়া কোনও অসুখ না
ভোরের আগে নিজের সাথে দাবা খেলা
এ এক প্রায়শ্চিত্ত, যে পাপের ইতিহাস নেই
তবুও খেলা ছেড়ে উঠতে পারি না কোনদিন
২
ঘুম না এলে
রাতের দাতে হলদে ছোপ
দেখতে পাই
গোল গোল অন্ধকারের ভেতর
পেঁচার ডাক, রহস্য
পাশ ফিরে শুই
মৃত আলোর উৎসব থেমে গেলে
ভিড় বাড়ে খালিপেট পতঙ্গদের
আর আমি ভেড়ার পাল গুনতে থাকি
ছবি : বিধান দেব
পরিচিতি :
দীপায়ন পাঠক
জন্ম ২২ এ নভেম্বর কোচবিহারে। পরিচিত নাট্যকর্মী। লেখেন কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ। প্রকাশিত কাব্যগ্রন্থ 'মরফিন' এবং ব্ল্যাকহোল। সম্পাদনা করেন 'বিরক্তিকর' পত্রিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন