বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

গুচ্ছ কবিতা ।। নীলাদ্রি দেব


শেষ ডিসেম্বরের কবিতা 


এক.

সিঙ্গেল ফ্রেমের একটি গল্প 

অচেনা শীতগাছ, ওর পরিবার 

কিছু বয়সের অনুপাত ও কালিকলম 

হঠাৎই হারিয়ে যাচ্ছে চেনা আদল 

কিন্তু রেললাইনেরও এপার, ওপার থাকে 

                              দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 

অতএব অনির্দিষ্ট ঋতু পরিবর্তনের 

                         গন্তব্য বলতে আস্তাবল


দুই.

তারা চরছে উইন্ডোস্ক্রিন জুড়ে 

মেঘের সুতি শাড়ির নীলে অস্তরাগ 

কোথাও কোনো গোপন হানাদার আছে নিশ্চিত

এও তো সমীকরণের ভেতর সিদ্ধান্ত 

পঞ্জিকার প্রচ্ছদ বদলে যাবে না জেনেও 

                            খুব ভোরে শিশিরপাত হচ্ছে 


তিন.

মূল আয়ু বলতে কিছু নেই, ব্রাদার 

আয়ুগুলো বদলে বদলে যায় 

যেভাবে শীতের পাতায় সবুজ 

পোশাক পরিবর্তন বিষয়ে যখন গরম সভাকক্ষ,

        বেঁটে জীবন নিয়ে আগ্রহী সৎকার সমিতি

আর কলারটিউনে আদি আখ্যান,

                ফুরিয়ে আসা আলোয় বৃত্তাকার ঘুম


ছবি : বিধান দেব 


পরিচিতি :

জন্ম 14 এপ্রিল, 1995. কোচবিহার (পশ্চিমবঙ্গ).

শারীরবিদ্যায় স্নাতক. যুক্ত আছেন শিক্ষকতায়. 

কবিতাবই- ধুলো ঝাড়ছি LIVE, জেব্রাক্রসিং ও দ্বিতীয় জন্মের কবিতা, এবং নাব্যতা. 

সহ সম্পাদিত পত্রিকা- ইন্দ্রায়ুধ, বিরক্তিকর.


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...