সাধনপর্বের নির্জনতা
৯.
মানুষখেকো বাঘেরা বড় লাফায়
মানুষখেকো বাঘেরা বড় লাফায়
হেঁড়ে গলায় ঘর দুয়ার কাঁপায় ।
যখন তারা হাঁক পাড়ে , বাপস্ রে !
আকাশ যেন মাথায় ভেঙে পড়ে ;
ভয়ের চোটে খোকাখুকুরা হাঁপায়!
ছয় পংক্তির এই কবিতাটি কতবার যে পড়েছি , যতবার পড়েছি , ঠিক ততবারই মনে হয়েছে , এত বড় বাস্তব বুঝি আর কিছু নেই । প্রতিদিনের খবরের কাগজ পড়ি আর ভাবি , সত্যি ' মানুষখেকো বাঘেরা বড় লাফায় ' । উচ্চারণের সঙ্গে সঙ্গে ঠোঁটে কৌণিক হাসি দেখা দেয় । সে হাসি ততক্ষণ থাকে যতক্ষণ না বিপরীত কোন চিন্তা এসে মনটাকে বিক্ষিপ্ত করে।
রাজনীতির ক্ষেত্রে কথাটা খুব সত্য । অন্য অনেক ক্ষেত্র অবশ্যই আছে । যেমন , যেকোনো মানুষের মধ্যেও ওই পংক্তিগুলো সময়ে সময়ে কিলবিল করে উঠতে দেখি । তবে সবচেয়ে বেশি অবশ্যই , রাজনীতি ও তার কর্মকর্তাগণ। বীরেন্দ্র চট্টোপাধ্যায় সারা জীবন এক সত্য নীতিতে বিশ্বাস স্থাপন করে এসেছেন । তবে সে ' রাজনীতি 'কে যদি বর্তমানের সঙ্গে কেউ মেলান , তাহলে তাঁকে পদে পদে ঠোক্কর খেতে হবে । কবির ইচ্ছা-অনিচ্ছার দাম কোনোকালেই কোন সমাজ বা রাষ্ট্র দেয়নি । অথচ কবির ভাবনাই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে চালনা করে । তাকে ' মনে মনে ' বুঝতে শেখায় ঠিক ও ভুলের পার্থক্য । কিন্তু সাধারণ মানুষের 'প্রতিবাদ'
শব্দে সবচেয়ে বড় অনীহা । সে মেনে নিতে জানে , সে আগুনকে বুকের ভেতর চেপে রাখার কৌশল শিখেছে ; তাই তার সকালে বাজার আছে , আছে অফিস যাওয়া বা বিকেলে আড্ডা অথবা সন্তানকে পড়ানো আর ' উইক এন্ডে ' কাছে - দূরে ঘুরতে যাওয়া ।
এত সব কিছুর মধ্যে কিন্তু ভুলে যায় 'মানুষখেকো' সেই বাঘটার কথা । সে কিন্তু ভোলে না আমাদের। তাই হেঁড়ে গলায় ডাক ছাড়ে , লাফায় । আসলে সকলেই শান্তিতে থাকতে চায় । সেই শান্তি যদি শ্মশানের নিস্তব্ধতা হয় , তাহলে কেল্লাফতে। 'মানুষখেকো '-র সুবিধা হয় ক্ষমতার অলিন্দে ঘোরাঘুরি করার । ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর।
কিন্তু এই কবিতায় একটা প্রতিবাদও রেখেছেন
কবি । ভয়টা কে পাচ্ছে ? পাচ্ছে খোকা-খুকুরা। অর্থাৎ ভীতু মানুষ । তারাই হাঁপায় । তারাই ভাবে 'আকাশ যেন মাথায় ভেঙে পড়ে '। যদি বাস্তবটা তারা বুঝতো ; তাহলে 'মানুষখেকো'-র লাফালাফিতে এতটা ভয় পাওয়ার কিছু যে নেই তা জানত। কারণ এদের লাফানোতেই সব । আদতে এই ধরনের ক্ষমতাশালীরা শেষ পর্যন্ত উঞ্ছবৃত্তি করে চলে ।
হেঁড়ে , হাঁক, হাঁপায় ---- শব্দ তিনটি আমার মত পাঠকের শ্রুতিযন্ত্রকে আকর্ষণ করেছে । চলতি শব্দের ব্যবহার করে কবি তাঁর ভাবনাকে আমজনতার মাঝখানে নিয়ে এসেছেন । মানুষখেকোরা আদতে ভয় দেখায় এবং ভয় পায় মানুষকেই। তারা সংঘটিত হলে যে ' মানুষখেকো' - দের ধান্দা বন্ধ হয় যাবে । তাই লাফিয়ে ঝাঁপিয়ে ভয় দেখাতে ওস্তাদ তারা ।
১০.
জানোয়ার
প্রতি শনিবার আসো । এসে বসে থাকো । আমার প্রত্যেকটা হাসি , প্রত্যেকটা লোভ , এই যে বারবার ঘাড় ঘুরিয়ে দেখা ... তুমি ক্যামেরা লুকিয়ে রাখো জঙ্গলে । চলে যেতে বলি , হারিয়ে যেতে বলি ---- ধরতে চাও । কুঁকড়ে যাই ভয়ে। এই শহর তোমাকে ফাঁকা বাথরুমের মধ্যে একলা পেয়েছিল একদিন। পুরোনো ডানার নিচে লুকোনো ছিল পালতোলা টিনের সংসার । ছিল নগ্ন নর্তকী আর তার বোকা ম্যানেজার । তুমি ছুরি মুছে রাখতে প্রতি রাতে। বেলুনের সাথে উড়িয়ে দিয়েছিলে তোমার চিৎকার ঔ রক্তাক্ত পলিথিনে । চলে যেতে বলি , হারিয়ে যেতে বলি ... অন্ধকার সরীসৃপ হেসে ওঠে ----
সবটাই ম্যাজিক জানি , তবু , যতবার কাছে আসো ততবার গর্ভ এসে যায় ----
শনিবার । এই একটি বারের ভেতর যত স্বপ্ন লুকোনো আছে , তা বুঝি অন্য কারো সংগ্রহে পাওয়া সম্ভব নয় । ঠিক , আবার ঠিক নয় । আমাদের কাছে শনিবার মহার্ঘ। আমি পলাশ প্রসূন শুভ । এই শনিবার পলাশের বাড়ি আড্ডা । এই শনিবার কফি হাউস । এই শনিবারেই পৌঁছে যাওয়া তরুণ কবির স্বপ্ন নিয়ে প্রবীণ কোন কবির কাছে অথবা চিরপরিচিত পাতিরামে । আমার ক্ষেত্রে শনিবারের অতীত আর একটু অন্যরকম । শিবপুরে চাকরি । শনিবার ছুটির হাতছানি । উৎসাহ দেখা দিত । পরে স্কুলে পড়ানোর সময় উত্তরপাড়া থেকে ট্রেন ধরে হাওড়া । সেখান থেকে বাসে কলেজস্ট্রিট। দুর্মর বাসনাই বলতে হবে তাকে ।
আর এখন মধ্যে মধ্যে ' যাপনচিত্র '- র আড্ডা । মাসে যে কোনো এক শনিবার । তবু ...
কিন্তু এত যে শনিবার শনিবার করছি , সুদীপ বসুর এই কবিতা তো তা থেকে বহুদূরে। সাবলীল মিশেলে ধরা পড়েছে ' প্রত্যেকটি লোভ ', 'নগ্ন নর্তকী ', 'ছুরি', ' অন্ধকার সরীসৃপ ', 'রক্তাক্ত পলিথিন ' ইত্যাদির সঙ্গে 'ম্যাজিক 'শব্দটি । কবিতাটি পড়তে পড়তে এক রিরংসা মনে বাসা বাঁধে। প্রেমিক কি প্রেমিকাকে আর চাইছে না ? তাকে ফেরত যেতে বলছে অনালোচিত জীবনে ? একাগ্র থাকতে চেয়ে এ যেন আলো ঘুরে যাওয়ার মতো ঘটনা । মানুষের মন কত বিচিত্রতায় ভরা । ' এই শহর তোমাকে ফাঁকা বাথরুমের মধ্যে একলা পেয়েছিল একদিন।' অথবা ' পুরোনো ডানার নিচে লুকোনো ছিল পালতোলা টিনের সংসার।' প্রতিরাতে ছুরি মুছে রাখার একটা প্রক্রিয়া । সতর্ক থাকতে হবে পাঠককে। এখানে প্রতিটি শব্দের ভেতর লুকিয়ে রয়েছে অস্বস্তি। অপরিমেয় বাসনা কীভাবে লক্ষ্যচ্যুত হয়, তার বর্ণনাই যেন দিতে চেয়েছেন কবি সুদীপ বসু ।
ম্যাজিক ম্যাজিক । আমাদের জীবনটাই তো ম্যাজিকে ভরপুর । আধুনিকতার বীজ লুকোনো আছে ওই শব্দে । কবি যেন ভারসাম্যের খেলার সৈনিক । দড়ির ওপর দিয়ে চলেছেন । হাতে ধরা সেই দীর্ঘ লাঠি , যার বিশ্বাসযোগ্যতার ওপর দাঁড়িয়ে রয়েছে তাঁর জীবন মরণ। এই ম্যাজিককে মেনে নিতে বাধ্য আমরা । কিন্তু সেটাই কি শেষ
কথা । তা নয় নিশ্চয়ই । সেই কারণেই ' যতবার কাছে আসো ততবার গর্ভ এসে যায় ' ----, উচ্চারণ করতে হয়েছে ।
কবিতাটি পড়তে পড়তে জয় গোস্বামীর 'বৃষ্টি' কবিতার দুটি পংক্তি হঠাৎই চলে এলো মনে । এমনিই । তবু কেন এই আসা ! হয়তো কোনো বার্তা দিতে চায় । চায় বিষয়ের বিস্তার । কি আছে তাতে। দেখে নি ----
" সমস্ত উদ্ভিদলতা প্রাণীপ্রজাতিকে সাক্ষী রেখে আবার তোমার মধ্যে সম্পূর্ণ প্রবেশ করতে পারি। "
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন