শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

কাব্যগ্রন্থ আলোচনা : অভিজিৎ দাশগুপ্ত




 

পলাশযাপন




দশক অনুযায়ী বাংলা কবিতার প্রচলিত বিভাজনকে মান্যতা দেওয়ার একটা  রেওয়াজ গত শতকের মধ্যবর্তী সময় থেকে শুরু হয়েছে । সেই পথে চলতে চলতে একুশ শতকের সূচনা  দশক বা শূন্য দশকে
যাঁরা কবিতা লিখতে এসেছেন  , তাঁদের আলাদা হয়ে ওঠার একটা তাগিদ লক্ষ্য করা যায় । নিজস্ব কাব্যভাষা ও বৈশিষ্ট্যের সঙ্গে সময়ের বাস্তবতাকে স্বীকার করে নিয়ে এই নতুন লিখতে আসা কবিরা প্রতিদিনের জীবন-যুদ্ধকে চালিত করে দেন কবিতার শব্দবন্ধনীতে । ব্যক্তি থেকে সমাজ ,  দেশ থেকে বিশ্ব ---- এ সবকিছুই সহমত এবং ভিন্নমতের লালনে      তৈরি করে নিয়েছেন তাঁরা । পলাশ দে তাঁর দ্বিধা-সংশয়-আশ্রয় নিয়ে এই সময়ের অন্যতম একটি কণ্ঠস্বর। ২০১৫ , সেপ্টেম্বরে প্রকাশ পাওয়া 'চশমা যা দেখতে পাচ্ছে না ' ( 'ধানসিড়ি' প্রকাশন) আমাদের খালি চোখের গুরুত্ব বুঝতে কিছুটা হলেও সাহায্য করে ।

জীবনের সুলুক সন্ধান করাই একজন কবির  তন্নিষ্ঠ কাজ । সেই উন্মোচনে  নেমে পলাশের কবিতার উচ্চারণ সার্থক হয়ে ওঠে ----

" না , হেরিটেজ নয় এক শ্বাস দীর্ঘ
  সহ্য লালন করবে বলে জীবন সারাচ্ছে
#
আত্মমৈথুনের পরমে হাত কাঁপছে তোমার!
ও ঠাকুর ওওও শূন্য  উত্তেজনা
#
নাহ্  মাটির অসুখ নেই বিলকুল
ঝুঁকে থাকা আজ ভুল করুক শিরদাঁড়ায়
#
আমার জন্ম মন্থনেই কি যুদ্ধ
শুরু এবং খতম হয়েছিল?
#
এই তো পলাশ  তুমি যা ইচ্ছে রং লুঠে নাও "
                      --- ' চশমা যা দেখতে পাচ্ছে '

কবিতাটি ' আত্মমৈথুনের ' কথা আছে । যৌনতাকে যদি দূরে রাখি ,  তাহলে থাকে প্রতিদিনের সংগ্রামময় জীবন । আর জীবিকার উপচিন্তা । সে ও তো একদিক থেকে আত্মমৈথুন । আমরা একে অপরকে বুনে চলেছি নিরন্তর । ' এক সুতো অন্ধ বুনছে আরেক চশমা '।






চারপাশে যা কিছু ঘটছে , যা কিছু ঘটতে পারে অথবা যা ঘটতে পারত ---- সে সমস্তই ঘুম খিদে স্নানের মত ওতপ্রোত জড়িয়ে কবিতাগুলোতে। পলাশের নিজস্ব চেতনা জটিল পরীক্ষা-নিরীক্ষার ভেতর  দিয়ে  এগিয়েছে । " পাখি শ্মশান নেই কোথাও/ উড়তে পুড়তে আদর ক্ষয়ে ওঠা /এই বিশ্রাম এই তো পালক  / পলক মিশে যাচ্ছে মাটি ও গাছে /গাছের শ্মশানে বসি । বসো /আমি পাশের জনের থেকেও পাশের জন হয়ে উঠছি। "('জন্ম')। রং ভাঙার শব্দ নিয়ে উপস্থিত পলাশ । জমি-জায়গাও এক হয়ে যাচ্ছে এই ধুঁকতে থাকা সময়ের কাছে । গুমরে উঠছে  জন্মস্থান ।

" তোমার কুরুক্ষেত্রের শঙ্খ ভেঁপু বাঁশি
  পানিহাটীতে আমার শিস
  গুমরে ওঠে "
                ----- ' কুরুক্ষেত্র ভার্সেস পানিহাটী '

' চশমা যা দেখতে পাচ্ছে না ' বইটির প্রায় প্রতিটি কবিতায়  যৌনতার অনুষঙ্গ ধরা পড়েছে । এ এক  উদ্দীপন । নির্ভীক মন তার গোপন ইচ্ছাটিকে গোপন রাখেনি । সে অনুপস্থিত প্রতিপক্ষকে মনে করে জিজ্ঞাসা  ছুড়ে দেয়। সে জিজ্ঞাসা এক অর্থে সমাধানও। ----
"অন্তত একবার নগ্ন হব , ব্রহ্মাণ্ডের দোহাই

দর্জি মাপা পোশাক মানায় না পলাশকে কোনোদিন "
                                                      ' ড্রাইভার '

এই হল পলাশ দে এবং এই তাঁর কবিতা ভাবনার কিছু মুহূর্ত । শব্দের পর  শব্দ , বাক্যের পর  বাক্য নির্মাণের ক্ষেত্র প্রস্তুত করে তাতে ছিটিয়ে দেন প্রাণতরঙ্গ। ফলে সেই কবিতা তখন নিহিতার্থে হয়ে ওঠে পলাশের পথরেখা।
        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...