উৎসব
একটি দুটি করে গাছের পাতা যখন উড়ে যাচ্ছিল উত্তরের হাওয়ায়,কিংবা উড়ে যাবে বলে একে একে
যখন বিবর্ণ হতে শুরু করেছিল পৌঢ় পাতাগুলি
ঠিক সে সময় কুয়াশার রহস্য কাটিয়ে তুমি এলে
নবান্নের উৎসবের মত খেজুর রসের ঘ্রাণে...
শহর নয়।গ্রাম তুমি বেছে নিলে শীতের রৌদ্রের মতো!আর অলস স্বপ্নে এঁকে দিলে আলপনা।
সিংহাসন পাততে দেখি কাছে কোথাও শাঁখ বাজলো
তবে কি তোমার পায়েই ছিল লক্ষ্মীর পায়ের ছাপ!
মরণের মাসেও উৎসব আসে।মরণের পরেও
তারই জন্য অপেক্ষা করে সর্ষেক্ষেত পাগলা হাওয়া...
সঙ্গত
এক একটা মন খারাপের জন্য জন্ম হয় এক একটা আকাশের
এক এক মুহূর্তের নিঃসঙ্গতার সঙ্গী হতে ছুটে আসে এক একটা উড়ো মেঘ
কোমলতা স্পর্শ করলেই আলতো বৃষ্টি হয়ে নামে
তারপর সারাদিন মুখরতা... রামধনু...
বহুদিন হয়ে গেলো আমি একা থাকতে পারিনি।
তোমার মুখের মত মুখশ্রী জীর্ণ পাতার মতো উড়ে আসে
বাতাসের শব্দে কথা বলে বিবাগী রমণী
আমার মুখের কাছে...আমার দেহের কাছে
তারপর সব পথ ডুবে যায়..
ছবি : বিধান দেব
শুভ পাত্র
জন্ম : ২৩ নভেম্বর ১৯৯৩ দক্ষিণ ২৪ পরগনা জেলার মুকুন্দপুর গ্রামে।
বাংলা ভাষা ও সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, সম্প্রতি পশ্চিমবঙ্গ সেট ও ইউ.জি.সি নেট উত্তীর্ণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন