ঋতুর নাম নয়
এক
ঘরানা মুছে পোস্ট মডার্নে নির্মাণ করবে সম্পর্কের অল্টিটিউড
বোরোলীনের সংসার থেকে সমস্ত নাটক মুছে
ফিরে যাবে আপন তোলপাড়ে
উন্মাদ একটা বিকেলের গায়ে তুলির পোছ দিয়ে
ঢেকে দিতেই পারো আলোগামীতা
রঙের নির্বাসন কুঁজো হয়ে বসে আছে স্মৃতির ভিতর
এভাবে বেরিয়ে গেলে অভিমানও ঝলসে ওঠে
দোষ যা কিছু কথার
ক্ষীণ সম্ভাবনার মধ্যে কতটা তুমি ছিলে
হৃৎপিণ্ডের পাশেই আখা জ্বালিয়ে তাতিয়ে নিচ্ছ নিজস্ব ক্রোধ
ছানবিন করে তল পাওয়া যায় না
বরং উপাসক হই
দুই
ক্রিসেন্থিমাম ঝরে পড়ছে বিরুৎ লিরিকে
প্রেমের এঁটোকাঁটা থেকে তুলে নিচ্ছ ক্ষয়ের আঙ্গিক
স্নায়ুর বহুরৈখিকে সনাক্ত করেছ পরাজয়
ব্যক্তিগত নিরুদ্দেশ থেকে গ্রাম ভুলে গেছ নামও
মশগুলের গান বেঁধে রেখেছ জলের ধারাপাতে
গানবিন্দুর সূচকগুলি ঈশ্বরের অলিন্দে
একটি সুদৃশ্য হত্যা সংগঠিত করে
শীতকালের তালব্য ‘শ’ নিয়ে ছুট লাগায় বসন্তের দিকে
হয়রান হয়ে হেমন্তকে সন্দেহ করি
বর্ষাকে দোষ দিই
জানা ছিল না শীত কোনো ঋতুর নাম নয়
উষ্ণতার অভাবমাত্র
তিন
বহুদিন মিউট করে রেখেছি আহ্লাদ
বিষণ্ণতা এক হেমলক
ব্যবহার কোরো তোমার মতো করে
অন্তরীপের আয়ু ঝরে
গল্প রাঁধতে না জানলে আলুনী ডিনার টেবিল
স্পেসটুকু বুঝে নিতে যতটা সময়
তারপর মাটির পাখি কথা বলে
আহা বউকন্ঠী
ওড়ে শিকলের হাত ধরাধরি
ব্যালেন্সের খেলা
শহরে শীত এল যখন
একটা সার্কাস হবে না?
ছবি : বিধান দেব
পরিচিতি:
শীলা বিশ্বাসের জন্ম ১৯৭২ সালে, সাঁতরাগাছি, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারতে।
বাস করেন দমদম কলকাতায় । বর্তমানে কেন্দ্রীয় সরকারি দায়িত্বশীল পদে কর্মরতা ( আয়কর বিভাগ, কলকাতা)।
নিয়মিত লেখালেখি করেন বানিজ্যিক ,অবানিজ্যিক সাময়িক পত্রপত্রিকা ও বিভিন্ন ই-ম্যাগাজিনে ।
সম্পাদিত পত্রিকা : ‘এবং সইকথা’ওয়েবজিন, (ত্রৈমাসিক )।
প্রকাশিত কাব্যগ্রন্থ :
হেমিংটনের জন্য - (পরিবেশক নীলাঞ্জনা প্রকাশনী) প্রকাশ রথযাত্রা ২০১৪,
অন্তর্গত স্বর - (ক্রান্তিক প্রকাশনা) প্রকাশ বইমেলা ২০১৫,
নেবুলা মেঘের মান্দাসে- (কলিকাতা লেটারপ্রেস ) প্রকাশ বইমেলা ২০১৮,
নির্বাচিত শূন্য- (সুতরাং প্রকাশনা ) প্রকাশ বইমেলা’২০২০।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন