ডার্ক ম্যান
১
আদি স্বর্গে সাপ বেড়ে উঠছে
আচ্ছা, আপনারা কি
সংগ্রহ করেছেন বাঘের মুখোশ
আপনারা চাইলে
হুইল চেয়ারে ঘাসফড়িং বসাতে পারেন
এসব শালিকের অভিনয় বন্ধ করুন
শহুরে জানলায় মুখোশের কঙ্কাল
দীর্ঘ অপেক্ষার ভেতর শূন্যতার ক্ষয়রোগ
নিজের সাথে যুদ্ধে শুকিয়ে যাচ্ছে নদী
আমরা
বাঘের মুখোশ পরা বেড়াল মাত্র
২
এখানে অনেক মুখোশ বিক্রি হয়
ওনারাই বানাতেন বাঘের মুখোশ
এবারে কাগুজে বাঘ মুখোশ খুলছে
যদিও
আহত বাঘ বেশি ভয়ঙ্কর
৩
মানুষের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে রসিক বাঘ
সোহাগী আঁচড়ে জলের শমন
ঈশ্বরআলো ডিঙিয়ে রঙবাজি
নখের বৃদ্ধি কমে যাচ্ছে
মনে রাখবেন
শকুন বাঘের মাংস খায়
৪
এই জঙ্গলে বাঘের সংখ্যা কেন কমল
বিতর্ক
সমালোচনা
সেমিনার
ক্যামেরা
গণনা
এসবের টেন্ডার পেলো শেয়ালেরা
জঙ্গল ধ্বংস করে
ধেড়ে ইঁদুরের মায়াকান্না
৫
এই জঙ্গলে দুটি মাত্র বাঘ আছে
ভয়ে তটস্থ থাকে পুরো জঙ্গল
শেয়ালের মাথায় রঙিন মুখোশ
মুকুট লাশকাটা ঘরের দিকে যাচ্ছে
তবে
আমরা সবচেয়ে গর্বিত বাঘের মুখোশেই
ছবি : বিধান দেব
পরিচিত:
পাপড়ি গুহ নিয়োগীর জন্ম ২১ সেপ্টেম্বর, কোচবিহারে। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বাঘছাল গন্ধের মেয়ে’। ‘শূন্য আঁকি, মৃত্যু আঁকি’। ‘নাভিজল ’। ‘ফিরতে চাই ডাকনামে’। ‘নেক্রপলিস’। ‘তবুও জিরাফ’। ‘বায়োপলিটিক্স’ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন