শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

গুচ্ছ কবিতা ।। স্নেহাশিস মুখোপাধ্যায়


 



অনুধ্যান  

এভাবে মাথা নিচু করে হাঁটেন কেন?
জানতে ইচ্ছে হয়েছিলো!
তাই জানতে চাইনি।
ওভাবে কেন মাথা নিচু করে হাঁটেন!
আপনি কি সবসময়,
মাটির ভেতরের শব্দ খোঁজেন! 
ভাঙা-ভাঙা হাড়ের টুকরোগুলো
আরো খুঁড়ে খুঁড়ে দেখতে ইচ্ছে হয়?

কি আশ্চর্য!
তারপরও মাথা নিচু করে হাঁটেন! 


কৌপীন 

কৌপীনের ওপরে কোনো দেশ নেই।
ঘাসে ঘাসে পা পুড়ছে নবজাতকের!
বাড়িগুলো যেন নতুন ক'রে তৈরি হবে, 

সেরকমই মেঘ লেগে আছে পোড়া পোড়া।
কৌপীনের ওপরে শরীর; শুকনো ও ছেঁড়া।

শরীরে শরীরে পা পুড়ে গেছে নবজাতকের।


দর্শনার্থী

মন্দিরের ভিড়ে তোমার চশমার কাচে মন্দির দেখেছি।
এতো কোজাগর ঠোঁট ছিলো, তাই চোখ
গোপনে হারিয়ে গেছে দর্শনার্থীর।
কতোদিন ধরে চিনি, কতোদিন চিনি না, জানো!
মন্দির থেকে দূরে তুমি দাঁড়িয়েই থাকো।
আমি ক্রমশঃ সরে আসতে গিয়ে ভিড়ে মিশে গেছি।
মায়া ও কাজলে থাকে প্রত্যেক বিনাশের স্মৃতি। 



হোম 

হাত ছেড়ো না, চোখ ছেড়ো না,
এমন ফর্সা মুখ তোমার,
এমন কালো মুখ - 
পুড়িয়ে আমি দোলরাত্রির আগের দিন
পাতায় পাতায় ঝলসে মরে আছি।

চকমকিতে আগুন দিলে তুমিই!  


ছবি : বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...