মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

গুচ্ছ কবিতা : মাসুদুল হক

 


ঊনমানুষ ও অন্যান্য কবিতা 


ঊনমানুষ

পাহাড়ের নিচে দাঁড়িয়ে 
আমাদের মধ্যে সবচেয়ে লম্বা ক্ষমতাধর লোকটা 
আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলেন 
সে আসলে একটা ঊনমানুষ ছাড়া আর কিছু না 

যারা খুব বেশি বড় হয়ে যাচ্ছি 
তাদের মাঝে মাঝে পাহাড়ে যাওয়া প্রয়োজন। 


দ্বিজাতি তত্ত্ব 


সপ্তডিঙ্গা নৌবহর পূর্ব থেকে পশ্চিমে গেছে 
অশোকের খবর আসে পাটলিপুত্র থেকে 
ইখতিয়ারের ঘোড়া ছুটে এলেও 
কোনো তারকাঁটা ছিল না বাংলায়

এপাশের মেয়েটা ও পাশের ছেলের সঙ্গে 
কথা বলে 
কথাগুলো দোয়েলের মতো উড়ে বেড়ায় 
কিন্তু হাটতে চাইলেই সীমানা প্রাচীর 
উর্দি-পরা বুটের আওয়াজ! 


মুক্তিযুদ্ধ  


এলোমেলো গ্রন্থস্তূপ,বেঁটে কয়েকটি বুক সেলফ 
তার ভেতর তামাটে রঙ বৃদ্ধ  
ইতিহাসের পাতা উলটে বললেন 
আমাদের যৌবনের দিন ছিল সবুজ 
ঘাসফড়িং-এর পেছনে ছুটতে ছুটতে 
পোঁছে গিয়েছিলাম রেসকোর্সের লাল ময়দানে 


নতুন কুঁড়ি


নতুন কুঁড়ি বুকে নিয়ে মেয়েটি ধীরে ধীরে 
ফুটতে থাকে 

বাগানে অনেক ফুল ফুটেই মরে গেছে 
আমার প্রিয় শিউলি প্রতিটি ভোরে মরে যায়

কিছু কিছু প্রিয় মুখ ফুলের মতো তারাও বিগত

তবুও আশ্চর্য লাগে
মৃত্যুবোঝা ঘাড়ে নিয়েও মেয়েটি পরিস্ফুট হয়! 



ছবি : বিধান দেব 







1 টি মন্তব্য:

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...