রবিবার, ২৩ মে, ২০২১

কবিতা : শর্বরী চৌধুরী


 


 একাকী মানুষ 

                     



যতিচিহ্নহীন ধ্বংস আর পারংগম সৃষ্টির
মাঝে একাকী মানুষ। দৈবের ধ্বজাধারী 
একাকী মানুষ। দ্বিচারিতা আর সততার 
বৈপরীত্যে একাকী মানুষ। মিছিলে হেঁটে 
যাওয়া বা সমাধির পাশে বসে থাকা একাকী
মানুষ। নিভৃত সংগম শেষ হয়ে গেলে একাকী
মানুষ। সংসার-সন্ন্যাসীদের ভিড়ে একাকী মানুষ।
একাকী মানুষের ভিড়ে নদী হয়ে বয়ে যায় আরো এক একাকী মানুষ। 




 গহন

               


আমি বারবার তার কাছে যাই,
গোপন অহংকার ধুয়ে নিতে। 
যখন স্মৃতির ভিড়ে অসহায়, 
সে আমাকে বিস্মৃতি এনে দেয়।
অগণিত সম্পর্কের চ্যুতি থেকে রত
হই তার হাত ধরে। সে আমার প্রেম,
তাকে আমি স্পর্শ করি প্রগাঢ় রাগিনীর গহনতায়। 




সকাল

                   


দ্রোহকালে সানাই বাজতে থাকে অবিরত। 
রচিত হয় সুরের শাসন। 
কামক্রোধ বিজড়িত আগুনের বিসর্জনে দীপ্ত সকাল ! দূষিত হাওয়ার থেকে মুক্তি দেয় অমেয়
আলোক। শয্যাসুখ ছেড়ে দিয়ে নগরমুখী সকলে তখন, অন্য কোনো দিনের আশায় অবিরাম প্রত্ন-অভিজ্ঞানে। 


ছবি : বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...