বুধবার, ২৬ আগস্ট, ২০২০

অরিন্দম রায়



ফেরা 

গাছের তলায় পড়ে গাছ

বাড়ির উপর পড়ে বাড়ি 

জলের উপরে ভাসে দেহ

এভাবেও সাঁতরাতে পারি 


সাঁতরাতে সাঁতরাতে ঠিক 

ফেরা যাবে নিজেদের ঘরে 

তুমি শুধু জ্বেলে রেখো আলো 

আগলিয়ে রেখো তাকে ঝড়ে 


ঝড়ের প্রবল মুখে যদি 

ঠিকঠাক দাঁড়াতে না পারি 

ভাসতে ভাসতে তবু জেনো

ফিরবই নিজেদের বাড়ি  



দৃশ্য 

সান্ধ্য গলিতে বুঝি হাওয়া এসে হারিয়েছে পথ

বৃষ্টি থেমেছে সদ্য 

গাছের পাতায় আকাশের আলো যেন থমকিয়ে আছে

পৃথিবী শান্ত অতি,অকারণ হুল্লোড় নেই  

মা-বিড়ালের পাশে মনোরম শুয়ে আছে ছোট তার ছানা  

জলের শব্দটুকু রাস্তার কল থেকে ঝরে ঝরে পড়ে


রাহু


মাঝে মাঝে ফুঁসে ওঠে তোমার দু'স্তন 

আদরের ছলে কেউ সমুদ্র মন্থন 

করেছে অমৃত পাবে এই অভিপ্রায়ে

তোমার উত্তুঙ্গ স্তন স্বাগত জানায়! 


দেবতারা ষড়যন্ত্রী ভীষণ চালাক

চেয়েছে অসুরদল বিষ শুধু পাক 

অসুর তনয় আমি দেবতার রূপে 

বসিয়েছি ভাগ ওই অমৃতের কূপে! 


ছিন্ন হয়েছে গলা শাস্তি স্বরূপ 

অনার্য প্রেম তবু করেনি তো চুপ 

তোমার দু'খানি স্তন চাঁদ হয়ে ভাসে 

মুণ্ডহীন আমি তাকে খেয়েছি গরাসে!          


ছবি: বিধান দেব                     

    

   

   

            


1 টি মন্তব্য:

কবিতা

সম্পাদকের কথা

দ্বিতীয় বর্ষ  ।। অষ্টম সংখ্যা ।। মার্চ ২০২২   খুব অসহায় লাগছে এবার। আমাদের ডান পাশে ধস। বায়ে গিরিখাত। মাথায় বোমারু। পায়ে পায়ে হিমানীর ব...