হে অনাগত
কোলাজগন্ধী কাটাছেঁড়া দিনের চাঁদোয়ায় পথ ঢাকা
ভাঙা হাড়গোড় মেরুদণ্ডে
বানানো যে আঙরাখা
তোমার জন্যে এপথে সাজানো আর্ত মুখের সারি
হে অনাগত এখানে তোমার
ঝলসাও তরবারি
নারী
এ সেই যন্ত্রণা
যাকে অন্যনামে ডাকা যায় না
তোমাকে বলব বলে কতবার
ছুটে গেছি
মুখোমুখি দাঁড়িয়ে ও শর
ফিরিয়ে নিয়েছি তূণে
প্রবোধের আশ্রয়ে থেকেছি
বহুক্ষণ
একসময় যন্ত্রণাকে ওই
অস্ত্র করেছি ফের
মন্ত্রোচ্চারণের মতো মনে মনে
বলেছি
সুসময় এলে একদিন
অস্ত্র প্রয়োগে পারঙ্গম হব ঠিক
তূণ থেকে শরে সেদিন গভীর
জানাব তখনি
ওই যন্ত্রণাকথা মুখে বলতে নেই অতশত
দেখে বুঝে নিতে হয়
জেনে পড়ে নিতে হয়
ওর ভিতরের ক্ষত
অনিভান
পথদের নিজস্ব আলো থাকে
হাঁটলেই জ্বলে সাড়া দেয়
চোরাস্রোত ভাষা তার
কখনো অদম্য টান
গোপনে আড়ালে
অনিভান সারাক্ষণ
ছবি: বিধান দেব

"নারী" কে ভালো লাগল
উত্তরমুছুনঅসাধারণ প্রয়াস! তিনটে কবিতাই অপূর্ব।
উত্তরমুছুন