রাজা-সাজা
নিতান্তই পাকেচক্রে এভাবে গলিয়েছি মাথা
মাথা নয়, মাথাব্যথা, মুকুটের ভার
সে তো সহজ নয়, জানা কথা
তবুও কাঁপাতে হবে স্টেজ, যে ভাবেই হোক
অজস্র রোশনাই, শত শত চোখ
আমাকেই দেখছে, না হয় অভিনয়ে মন দি
এ তো কঠিন কাজ, নজরবন্দি
কাহিনী শেষ হয়ে গেলে
গ্রীনরুমে মেকআপ তুলি
রাজা-সাজা সারা, ফিরিয়ে দাও তবে
ভিক্ষের ঝুলি
রাত গভীর হলে
আমাদের সব চোখ জুড়িয়ে আসে দূরবীনে
খোলা জানালায় অবিরাম পর্দা ওড়ে
কুকুরের ডাকাডাকি স্তিমিতপ্রায়
লাইটপোস্টের ছায়া পড়ে আছে রাস্তার একপাশে
যাদের ফেরার ছিল তারা ফিরে গেছে কখন
সামনের কলেজের ঘড়িতে ঘন্টা বাজে ঢংঢং
চুমুকে চুমুকে নিভে আসে গ্লাস
গলে যাওয়া কিউবে ছুঁয়ে যায় আঙুল
প্রগাঢ় নিশীথে আজ
সব আলো নিভে যায় লেডিস হস্টেল
তাচ্ছিল্য
আমি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি
স্পর্শ করেছি দুরন্ত ঢেউ, বিমর্ষ সীমারেখা
পাথরের উদ্যানে জড়ো করে রাখা আছে বুকের আগুন
তোমাকে পৌঁছে দিতে চেয়েছি সেই সব উষ্ণতা, অনায়াসে
তাচ্ছিল্য করেছো, যে ভাবে রাত বাড়লে চায়ের দোকানে নিভে আসে উনুন
অনেকটা তেমনই গড়িয়ে যায় ধারা, নিকষ নিঝুম চুলে
অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি পুরনো প্রেম
তুমি তখন ফুঁ দিচ্ছ
নেলপালিশ লাগানো মায়াবী আঙুলে
ছবি : বিধান দেব
পরিচিতি : শোভন মণ্ডল
জন্ম- ২৫/১০/১৯৮০
শিক্ষাগত যোগ্যতা - বি এস সি ( কেমিস্ট্রি)
বাসস্থান - ডায়মন্ড হারবার
বই- ৩টি , চুম্বনে অচেনা ভাস্কর্য (পাঠক) , দরজার ওপারে... (ধানসিড়ি)এবং লাস্টবেঞ্চ, পাশে জানালা(শুধু বিঘে দুই)
সম্মান-
আত্মদ্রোহ সাহিত্য সম্মান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন