এই কবি ‘জনগণের কবি’ নামে পরিচিত। তাঁর রক্তে বহমান কবিতা। তাঁর কাকা আল রবলস, তিনিও ফিলিপিনো-আমেরিকান কবি, ঐতিহাসিক এবং বিশিষ্ট সোশ্যাল রাইট অ্যাক্টিভিস্ট। কবিতার পাশাপাশি লিখে থাকেন ছোট গল্প। ২০১৭ সালে তাঁর নাম উঠে এসেছিল সান ফ্রান্সিসকোর সম্ভাব্য পোয়েট লরিয়েট হিসেবে। প্রকাশিত হয়েছে দুটি কবিতার বই, যথাক্রমে ‘Cool Don’t Live Here No More- A Letter to San Fransisco’ এবং ‘Fingerprints of a Hunger Strike’ এই নামে। ছোটদের জন্যেও তাঁর দুটি বই আছে। একটির নাম ‘Lakas and the Manilatown Fish’ আরেকটি ‘Lakas and the Makibaka Hotel’। অনেক গুরুত্বপূর্ণ সংকলনে তাঁর কবিতা অন্তর্ভুক্ত হয়েছে যার মধ্যে ‘Growing Up Filipino VolumeII’, Of Color:Poet’s ways of Making’ ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি টনি রবলস। তাঁর কবিতায় উঠে আসে উচ্ছেদ, পুলিশি হিংস্রতার কথা, উঠে আসে বাস্তুচ্যুত মানুষ আর বর্ণবিদ্বেষের মতো বিষয়।
টনি রবলস
লাঠির ডগায় একটি পতাকা
কয়েকটা পয়সা
আর কিছুটা স্বাদবদলের জন্য
দেশাত্মবোধ
লাল সাদা এবং নীল
কোণের দোকানে
লাঠির গায়ে,
সুপারমার্কেট,
মদের দোকান
অন্য কোনো দেশে
সেনাবাহিনী
খারাপ লোকেদের উপর
বোমা বর্ষণ করছে
ক্যাডবেরি রাখার তাকের পাশেই
লাঠির গায়ে জড়ানো পতাকাগুলো
আমি পতাকা রেখে
সিধে ক্যাডবেরির দিকে
হাত বাড়াই
চকোলেট
গলে
গলে
গলে
পড়ে
আমার হাতে
আমার হাতের তালুতে
দাগ হয়ে যায়
দূর কোনো দেশে, একজন পিতা
মুঠোভর্তি মাটি তুলে নেয় আর
জিজ্ঞেস করে:
আমার জন্মভূমির কী হয়েছে?
আরও বোমা নেমে আসে
একটা দাঁড়কাক
তারের উপরে
এসে বসে
আর হাসে
একখানা মস্ত পতাকা
আমার পাশে উড়ছে,
কারুর ডাঁই করে রাখা
জিনিসপত্রের পিছন থেকে
হাওয়ায়
পতপত করে
আমি দেখি
আর গাছপালাহীন ঘাসজমি
এবং অবশিষ্ট চিহ্নের কথা ভাবি
আমার বাদামি রঙের
চামড়ার দিকে তাকাও
আর ভাবো
নেটিভদের ভাবনাগুলো
একজন নেটিভের মতো অনুভব করি,
অনুভব করি একজন আরবজাতির লোকের মতো,
বাদামি চামড়ার একজন লোকের মতো অনুভব করি
যখন চকোলেট
দাগ রেখে যায়
আমার
আঙুলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন