আমাকে অবোধ ভাবা তোমার অসুখ
ক) ডটেড
অনুজ্ঞা শব্দের নিকট নতজানু হই
দেখি -- বিভ্রম বাসা বাঁধে রোজ
কথাদের বলি নম্র হতে । তবু --
ওরা বেমক্কা কৃষ্ণচূড়া হয়ে যায়
খ) দ্রোহ
তারপর ...
মৌনতার নিকট অর্থ সন্ধান করি
সে আমাকে আরও মৌন হতে বলে
সম্পর্কের সীমান্তে নিশান উঁচিয়ে ধরে কেউ
তবু তাকে কাঁটাতারের গল্প বলিনি কখনো
গ) উহ্য
আমার না হওয়াগুলিকে বিদায় জানাই
অপ্রাপ্তির মধ্যে হীরকদ্যুতির স্বপ্নভাসে । অথচ
অপারগ প্রতিবাদের মধ্যে তোমাকে খুঁজি
দেখি কুয়াশার চাদর গায়ে
তুমিও গ্যালোপিন ট্রেন হয়ে যাও
ঘ) ঘোর
অব্যক্ত শব্দেরা শল্কমোচন করে
সৌজন্য সোহাগ শেষে উল্টানো ডিঙির মত তার বুক
এবং চাঁদের বলয়ে জাগে প্রতিশ্রুতি মেঘ, অথচ
আমাকে মাঝি হতে দেয়নি এই পরাকাষ্ঠা
ঙ) অসুখ
বহুদিন নাবিকের ছদ্মবেশে বসে আছি
তোমাকে রাধা ভেবে ভাসবো অচিনগাঙে
জানি, যমুনার বিরহ দেখেছে কতিপয় মুখ
আমাকে অবোধ ভাবা তোমার অসুখ!
ছবি : বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন