বুধবার, ৩০ মার্চ, ২০২২

নয়া বৃহদারণ্যক ।। দেবাশিস দাশ


 


*৫. আত্মতত্ত্ব* 

আবার তিনের খেলা— কর্ম, নাম, রূপ

আলাদা আলোয় এরা তাসের তুরুপ।

'উক্থ' মন্ত্রে ত্রিবিধের উত্থান বর্ণিত।

বাক, চক্ষু ও শরীর— তিন ব্রহ্মে ধৃত—

যথাক্রমে নাম, রূপ আর কর্ম, তাই

সাম মন্ত্রে সাম্য গেঁথে ব্রহ্মত্ব শোনাই।—

বাক মানে শব্দ, সব নামের ধারক 

রূপের সমীকরণ বোঝে শুধু চোখ। 

শরীরই কর্মের ব্রহ্ম— ধারক বা সাম

তিন ব্রহ্ম মিলেমিশে গড়ে অন্তর্যাম।

বাক, চোখ, দেহী আত্মা— প্রত্যক্ষ গোচর

নাম, রূপ আর কর্ম পরোক্ষ, ধূসর। 

আলাদা হয়েও আল্লা আশ্চর্য একক— 

তিনি প্রাণশক্তি, তিনি বৃহদারণ্যক 

শ্রুতিতে দুর্জ্ঞেয় আত্মা, তিনিই অমৃত 

নাম-রূপ সত্তা তাঁকে করেছে আবৃত।


আত্মাই অমৃত, আত্মা একাকিত্ব-ভয়

অচিরে কাটিয়ে উঠে গড়েন আশ্রয়। 

আদিতে ছিলেন তিনি অব্যক্ত অরূপ 

দ্বিতীয় ইচ্ছায় হন উভলিঙ্গ-স্তূপ।

আদিতে সমস্ত ছিল ব্যাকরণহীন

আত্মবান মৃত্যু একা শান্তিতে বিলীন।

অকস্মাৎ মহাকাল স্বভাব-ঈক্ষণে

স্ফূর্ত হয়ে চতুর্লোক গড়েন বিজনে।

সেই সঙ্গে লোকপাল পুরুষ নিমেষে

পিণ্ডরূপ অণ্ড ফেটে পঞ্চেন্দ্রিয়-বেশে

আকৃতি নিলেন দেহে, এবং নিজেকে

ব্রহ্মরন্ধ্রে গুঁজে, খুলি দিয়ে নেন ঢেকে।

নাভিমূলে মৃত্যু আর হৃদিমধ্যে মন,

শিশ্নদ্বারে প্রজাপতি আবির্ভূত হন।

অন্যান্য ইন্দ্রিয় সব দেবতা-প্রতীক— 

চোখে সূর্য, নাকে বায়ু, কানে দিকপতি,

জিভে অগ্নি, ত্বক-রোমকূপে বনস্পতি।

অন্যদিকে পঞ্চভূতে ব্যাকৃত গতিক— 

প্রকৃতির ঘনীভূত রূপই অন্ন, তার 

গ্রাহক অপানবায়ু, নাভিতে আহার। 


এইসব আলবাল নানা গল্পচ্ছলে 

পরমাত্মা-জীবাত্মার ভাবরঙ্গ চলে। 

মোদ্দা কথা, টাইম-স্পেস— মানব-শরীরে

রহস্য ভাষায় ব্যক্ত হল ধীরে-ধীরে।


সৃষ্টিতে প্রবিষ্ট আত্মা অনাম-অকায়

নাম-রূপে মূর্ত হন প্রত্যেক সত্তায়।

ওঙ্কার তাঁরই নাম— বাক-রসনায়

বিকৃত আকৃতি তিনি চোখের তারায়।

তিনিই অমৃত, যিনি প্রাণের স্বরূপ

সমস্ত কর্মের মূল তিনিই কামরূপ।

মূর্ত ও অমূর্ত— দুই শিল্পে তাঁকে চিনি 

আমি গঙ্গানদী হলে মহাসিন্ধু তিনি। 

পাশ্চাত্য দর্শনে সিন্ধু ঢোঁড়ে ওল্ড ম্যান 

প্রাচ্যের চৈতন্যে তিনি ধ্যানলব্ধ জ্ঞান।


ছবি : বিধান দেব 


দেবাশিস দাশ। মিনিস্ট্রি অভ্ কালচার থেকে কবিতা নিয়ে জুনিয়র ফেলো নির্বাচিত হয়েছেন। শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থেকেছেন বিচ্ছিন্নভাবে। কবিতার জন্য উত্তরবঙ্গে ভ্রাম্যমাণ। স্বনামে ও ছদ্মনামে কবিতা ও গল্প লিখেছেন দেশ, আনন্দমেলা, সানন্দা, কবিতীর্থ, কৃত্তিবাস, ভাষানগর ও অন্যান্য বহু পত্রপত্রিকায়। অনুবাদ করেছেন টেড হিউস এবং জেমস জয়েসের কবিতা। 
কাব্যগ্রন্থ: পাথুরে মানুষ, মাটির মানুষ, কবিতীর্থ। জ্বলন্ত মৃত্যুর মুখে বাঁশি, কৃত্তিবাস। অণুজীবনের দীর্ঘশ্বাস, যাপনচিত্র। বিচালিঘাটের কথা, কুবোপাখি। মেঘে আঁকা ভাঙা সেতু, সিগনেট প্রেস।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন