জলশূন্য নদী
জলশূন্য নদীর দিকে তাকিয়ে থাকি
হাহাকার গুলো ছায়াপথ ধরে
বৈরাগী দিঘির দিকে যায়
আমার বিদগ্ধ সন্ধ্যা
সীমান্তবিহীন পথের ওপর উড়ে যায়
মনে হয় যেন ডানা মেলা হলুদ পাখি
যন্ত্রণা কাতর হৃদয় দেখছে
এক এক করে প্রিয়জনের চলে যাওয়া
তারা সব আকাশ পথ ধরে হাঁটছে
নক্ষত্র আলোকে রঙিন হয়ে আছে
নিঝুম রাত্রি, পথ জুড়ে সার সার অর্জুন গাছ
তবু ও আমি অন্তহীন অপেক্ষায়.....
লালভূমি উপত্যাকা জুড়ে
চেনা শব্দছন্দ আর অক্ষর স্রোত
মিশিয়ে দেব জলশূন্য নদী পথে
জলশূন্য নদীর দিকে তাকিয়ে থাকি
নিঃসঙ্গ শূন্যভূমি
এখানে শূন্যভূমি বলে জায়গা আছে
যার কাছে সীমহীন ধারাপাত
উৎসব রাত্রি ঙেঙে ভেঙে
হরিশ বাঁধ এ এক হেমন্তী সকাল
ছড়িয়ে আছে গুচ্ছ গুচ্ছ শেফালিকা
এখানে প্রজাপতির পাখার মতো
নিস্তব্ধ পৃথিবী উড়ে বেড়ায়
আদিবাসী মানুষ মহুয়া পাতার মতো
আরও নিঃশব্দে পা ফেলে ফেলে বনজ পথ
ধরে ধরে চলে এক আদিম পৃথিবী8র দিকে
দূরে মুরালপুরে কয়েকটা ধূসর পাহাড়
এর কোণ থেকে নামে বর্ণহীন রাত
আরও নিঃসঙ্গ আরও নিঃসঙ্গ হয়ে যায়
এতো নিঃসঙ্গতা পৃথিবীতে থাকতে পারে!
ছবি : বিধান দেব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন