কয়েকটি কবিতা
ভোরের হাওয়ার দিকে ঝুঁকে আছো তুমি
হাতের সৃজনগুলি মুছে দেয় জল
পায়ের ছোঁয়ায় আজ কেঁপে ওঠে ভূমি
শীতের গভীরে যায় পাথর-সম্বল
ভেতরে ভেতরে জাগে ঠোঁটের হিমেল
শহর ভাসায় কত ছোট বড় নাও
পাহাড়ি খাদের পাশে বরফ-উদ্বেল
গাছের ছায়ার মতো দূরে দূরে যাও...
২
নদীর ঠিকানা খুঁজি ভাষা খুঁজি রোজ
কবিতা ঝুলিতে রেখে বেঘোরে সহজ
পরবে ভাসিয়ে দিই পাখির বিরহ
ও মন, এমন তুমি? সমস্ত সন্দেহ!
৩
দুঘণ্টা-তিনঘণ্টা লেখা প্রতিদিন লিখি
জলের কিনারে বসে নদীপাঠ শিখি
শিখি সব রাত্রিকথা, দুই কলি গান
গাছের শিকড়ে লিখি স্রোতের বানান
বসন্ত পেরিয়ে গেলে রৌদ্র খর হয়
নখের শিখরে আয়ু, মনে জন্মে ভয়
গাছ ফুঁড়ে সূর্য উঠলে ঘরে ঘরে আলো
সবার অজান্তে আজ ভালো হোক ভালো...
৪
ওই ছায়া দূরে হেঁটে যাবে।
শবের চিতায় যখন তুমুল আগুন--
ভোর হবে। ডেকে উঠবে পাখি
লেখা থেকে বহুদূরে
যেভাবে ডাহুক ডাকে জলে
আমি
মাটি ঠুকে বুঝে নেব সমস্ত পাতাল
ছবি : বিধান দেব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন