▼
বুধবার, ২৮ জুলাই, ২০২১
গুচ্ছ কবিতা ।। রওশন রুবী
ভালোবাসা পেলে আমি জল হয়ে যাই
ভালোবাসা পেলে আমি জল হয়ে যাই।
আমাকে আগলে রাখো, আগলে রাখো,
কঠিন শিলায়।
না মোহ, না মমতায় আগল দিও এবেলায়;
আমাকে আগলে রাখো লেলিহান শিখায়।
আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও;
বাঁচার লোভেই হয়েছি ফতুর।
আমার দুয়ারে দেখো
কড়া নাড়ে জালালি কবুতর।
ভালোবাসা পেলে আমি জল হয়ে যাই।
আমাকে ভাসানে দিও প্রাণহীন হলে;
তখন আগলে নিবে জলের পরতে;
এখন দিও না জল, জলে শুধু মোহ;
জলের করাতে কাটি
আহা 'রে জীবন! জীবনের যত দ্রোহ।
আমি কাল বাড়ি ফিরিনি
আমি কাল বাড়ি ফিরিনি।
মন খারাপ হতে পারতো সীতার।
মাঝপথে থেমে যেতে পারতো সুরার পাত্র।
ট্রেনকামরায় পাশের সিটে বসা ভদ্রলোক
খুব যতনে ঠিকানা খুঁজে বাড়ি পৌঁছে না দিয়ে
প্রায় অচেতন অমসৃণ গালে চড় বসাতে পারতেন। প্রাণের জন্য প্রাণ কাঁদে। তিনি বিগলিত হয়েছেন।
আমি কাল বলতে পারতাম- অপারগতার কথা। লুকিয়ে রাখতে পারতাম-দালাল মিডিয়ার খিদে।
এড়িয়ে যেতে পারতাম ফিনিক্স পাখির শূন্যতা।
কিছুই করি নি।
কখনো কখনো বুঝতে পারি জড় নই।
জানতে পারি নিজের ইচ্ছের আকাশ কতটা নীল।
বাড়ি ফিরি নি বলে- সীতার কোন ক্ষতি হয় নি।
আম্মা অক্সিজেন জন্য ছটফট করেছেন।
মাঝে মধ্যে বাড়ি না ফিরে পরিমাপ করা যায় সম্পর্কের।
ভাত
খুব চেনা একটি কথা
সর্ষের মতো একটি কথা
ভাত খাবো আজ, ধোঁয়া ওঠা ভাত,
এতো স্বাদ, এতো ভালোলাগা কেন?
এতো অনুযোগ, অভিমান, রোদের বন্যায়
ভেসে যাওয়া পোড়া ক্ষত স-সবটুকু শব্দ জুড়ে;
কেন? যে শব্দ শুধু কাতর পথিকের,
যে শব্দ ক্ষুধার্ত ভাত পাগল মানুষের,
কেন এমন আর্তনাদ;
জিজ্ঞাসের আগে পথিক পথে নেমে যায়,
অনন্ত আকাশের মতো
আমাকে জুড়ে থাকে জিজ্ঞাসা-
কতদিন আপন একটু স্বাদ চেখে নিতে
গলিপথে, নগরে-গ্রামে, দেশান্তরে
ছুটে চলছে পথিক আদিম আগ্রহে,
একটু চেনা গন্ধ, একটি চেনা মানুষ,
অবিরত মমতার একজোড়া হাত,
সাদা সাদা ধোঁয়া ধোঁয়া এক থালা ভাত
কতদিন ক্ষুধার্ত রেখেছে, কতদিন?
মুখোমুখি
মানুষ কি ছটফট করেনা
ভেতরে ভেতরে
প্রিয় কোন মুখ খুঁজে পেলে
প্রিয় কোন কথায় জীবনের
জ্যামিতি থেকে বেরিয়ে যেতে?
মানুষের কি ইচ্ছে হয় না
সারাদিন মুখোমুখি থাকি
প্রিয় দৃশ্যগুলো দিয়ে
ভরিয়ে দেই জীবনের ঝুড়ি।
আমার খুব ইচ্ছে করে
তাই মুখোমুখি হই,
জীবনের জ্যামিতি থেকে বেরিয়ে
রাত-দিন মুখোমুখি হই,
শব্দ ও কবিতায়
কবিতা ও ভালোবাসায়।
ছবি : বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন