ভ্রুপল্লব
আমার স্মৃতির দস্তাবেজে
উড়ে এসে বসেছে
একখানা এজমালি রোদ।
দেখতে পাচ্ছি --বুকে বই চাপা দিয়ে
এক ত্রস্ত হরিণীর মুগ্ধ চলন..
লিখতে বসে কলমের ডগায়
ফুটে ওঠে তাঁর ভ্রুপল্লব।
রূপান্তর
সামনের ক্যানভাসে
সব রঙ নীল
উত্তুরে বাতাসে কাগজের আড়ালে
মুখ ঢাকছে সব ফুল
একমাত্র তোমার ছুঁড়ে দেওয়া
ঘৃণাগুলো --
হৃদয়ের লিটমাস ছুঁয়ে
বিলিয়ে যাচ্ছে...প্রেম।
মিথ্যে
এখন মিথ্যেই আমার
আলোয়ান হয়ে গেছে।
রান্নাঘর থেকে
তোমার অলৌকিক গুনগুন
শুধু দেখতে পায়-
আমার জোৎস্না শরীর।
বোধদয়
একটা সাদা ঘোড়া
সারা জীবন পাহাড় অরণ্য মরুভূমি
তন্নতন্ন করেও পেলাম না।
অথচ পিছন ফিরলেই দেখতাম
আমারই মুখোশ পড়ে সে চলেছে
আমারই পিছুপিছু।
মৃত্যু
আসন সংরক্ষিত আছে
সাতরঙা ময়ূরপঙ্খিতে।
তবুও,
পা-ধোয়ার জল,গামছা আসনপিঁড়ি রেখে
দূয়ারে দাঁড়িয়ে থাকি সন্ধ্যাপ্রদীপ হাতে।
ছবি : বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন