ভি ন দে শি তা রা
রেজি ক্যাবিকো
তিনি মনে করেন তাঁর কবি হওয়াটা নেহাতই একটা দুর্ঘটনা । তিনি মনে করেন যদি কেউ না জানে কিভাবে লিখতে হয় তাহলে সেই ব্যক্তির উচিত কবিতা লেখা। যে কথা নিজের মাকে বলা যায় না , বাবাকে বলা যায় না , কাউকেই বলা যায় না সেইসব কথাগুলো অনায়াসে বলে ফেলা যায় কবিতার মধ্যে দিয়ে। রক্ষণশীল ফিলিপিনো আমেরিকান- পরিবারে জন্ম এই কবির। নিজের সমকামী পরিচয় কোনোদিন লুকোতে চান নি। বরং তিনি একজন ঘোষিত এবং গর্বিত সমকামী। যদিও তাঁর এই সত্তার জন্য আফ্রিকান-আমেরিকান গোষ্ঠীর মধ্যে জায়গা করে নিতে , মিলেমিশে যেতে তাঁকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে । কারণ , ‘সমকাম’ ব্যাপারটা খুব একটা ‘স্বাভাবিক’ চোখে দেখা হত না তাঁর সমাজে , অন্যান্য সমাজের মতোই। কবিতা কখনই তাঁর প্রথম এবং একমাত্র গন্তব্য ছিল না। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে নিজেকে প্রকাশ করার মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন থিয়েটারকে। কিন্তু সফল হলেন না । মরিয়া হয়ে চেষ্টা করলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়ার সেখানেও ব্যর্থতা পিছু ছাড়ল না তাঁর। হঠাৎ করেই একদিন অংশ নিলেন পোয়েট্রি স্ল্যামে ---- যেখানে কবি একজন পারফর্মার , দর্শক তথা শ্রোতাই সেখানে বিচারকের ভূমিকায়। এই কবি আবির্ভাবেই জয় করলেন শ্রোতাদের হৃদয় । তারপর তিরিশটির বেশি সংকলনে জায়গা করে নিয়েছে তাঁর কবিতা। তিনি পারফর্ম করেছেন এইচ.বি.ও -র মতো বিখ্যাত চ্যানেলে। তিনি রেজি ক্যাবিকো। তাঁর কবিতায় তিনি বলেন জাতিগত বৈষম্য আর হোমোফোবিয়ার কথা, যা আসলে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতাসঞ্জাত।
গোধূলিবেলার গল্পগুলি
১
কবিতা
আমি আমার কবিতাকে একটা গবেষণাগারে নিয়ে গেলাম। কবিতাটার গন্ধ চন্দ্রমল্লিকার মতো। গ্যাস-মুখোশ পরা ডাক্তারদের একটি দল আমাকে বলল কবিতা হল সমাধান আছে এমন এক সমীকরণ। শেষ পঙক্তিটি জীবন বাঁচাতে পারবে না। তারা আমার কবিতাটাকে একটা বিকারে রাখল। তাদের উচিত ছিল কবিতাটাকে একটা পোর্সেলিনের পাত্রে রাখা।
২
চ্যাপস্টিক
আমি আমার শোওয়ার ঘরে সবকটা কোটের পকেটে হন্নে হয়ে চ্যাপস্টিক খুঁজছিলাম। আমি শুনতে পাচ্ছিলাম পার্টি আমার দিকে উর্ধশ্বাসে দৌড়ে আসছে। আমি আমার কোটগুলোর নিচে লুকিয়ে ছিলাম , একটা গুহার ভিতরে পড়ে গিয়ে আমি শুনতে পাচ্ছিলাম উঙ্গা বুঙ্গা কিচিরমিচির। সেই শব্দগুলো ছিল নিয়ান্ডারথালসদের যারা একমত হচ্ছিল যে আমার একজোড়া সেক্সি পাতলা ঠোঁট আছে।
৩
পিটার প্যান বাস সার্ভিস
টিভিতে ফ্রি উইলি চলছিল আর ষাট পাউন্ডের একটা বাচ্চা আমার কাঁধ চিবুচ্ছিল। অন্য যাত্রীরা কাশির ওষুধ বিলি করছিল। বাচ্চাটার মা ড্রাইভারকে বললেন যে তিনি তিমিদের ভালোবাসেন এবং এটি তার প্রিয় সিনেমা। যখন আমার ঘুম ভাঙল তখন বাচ্চাটা আর নেই আর আমার কোলের উপর একব্যাগ বই।
৪
চুল
কুশীলবেরা নগ্ন দৃশ্যে অভিনয়ের সময় চামড়ার রঙের বডি-স্টকিং পরেন। একজন অভিনেতা তাঁর যৌনাঙ্গ অনাবৃত করে ব্যাখ্যা দিচ্ছিলেন যে তিনি আসলে দেখতে চাইছিলেন যে তাঁর পুরুষাঙ্গটি স্বাভাবিক আকারের কিনা। আমি লোকটিকে ধাওয়া করে করিডরের দিকে নিয়ে গেলাম। আমরা কেবলমাত্র অভিনয় করছিলাম। আমি তাকে বললাম। মনে করো আমি একটা পুষি বিড়াল যে তোমায় চাটতে চায়।
৫
আলফ্রেড হিচকক
টিপ্পি হেড্রেন কোট রাখার তাক দিয়ে পিটিয়ে একটা হাতিকে মেরে ফেলেছিল। একজন গোয়েন্দা তার বাড়িতে এল। আমি অস্ত্রটা গিলে ফেললাম আর তদন্তকারীর কোটটা ধরে থাকলাম যখন তারা দুজনে কর্নিশ মুরগি সহযোগে নৈশভোজ সারছিল। আমি শাওয়ারের দিকে দৌড়লাম প্রাণীটি কেমন আছে দেখার জন্য। সে আমাকে ধন্যবাদ জানাল তাকে না খাওয়ার জন্য।
৬
স্ট্যানলি কুব্রিক
আলিয়া আমাকে তার নাম বাথরুমের আয়ানায় লিপস্টিক দিয়ে লিখতে বলেছিল। অক্ষরগুলি পড়ার সময় শোনাচ্ছিল অ্যালেলুইয়া। এখন তুমি পার্টির গোপন পাসওয়ার্ড জেনে গেলে। আমি পরে ছিলাম ভারতীয় পাগড়ি আর ভেনিসের সুক্ষ্ম খাটো কাপড়। একজন নগ্ন মহিলা আমার কাছে এলেন এবং আমায় বললেন এখনও অবধি তার দেখা সেরা পুরুষ বন্ধু আমিই।
• চ্যাপস্টিক – ঠোঁটে লাগাবার পেট্রোলিয়াম জেলি বিশেষ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন