মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

গুচ্ছ কবিতা : প্রবীর দাস


 

পাওয়া 

নির্জন ভেঙে একটি কাক ডেকেই চলেছে ...
দুপুরের বাসন্তিক রোদ, আমগাছ নীচে ছায়া
অনেক দূর অবধি দেখছি তো দেখছিই
কোনো কিছুই সেভাবে দেখতে পেলাম না ---

মুকুলিত গাছটিকে শেষমেশ দেখলাম ...
নতুন কিছু তো নয়, তবু মনে হল আগুন
মনে হল, এইতো চেয়েছি যা, একান্ত আপন
             





যে কথা লিখে গেছে 

কোনোদিন কেউ বা আলো হয়ে ডাকতেও পারে
হয়তো বা সে কথাই লিখে গেছে রাত্রির ঘুম
প্রাচীন বৃক্ষের সারি নিশ্চুপ  প্রতীক্ষায়
দেখে নেয় ভোরবেলা শান্ত উপাসনা গৃহ
জবুথবু জীবন, অগোছালো --- বন্দিশালা,
অস্থির বিষণ্ণতা ছেয়ে থাকা রাস্তার কালো...

প্রভা-প্রত্যাশী ঘর --- জানালায় উজ্জ্বল মুখ
ভোরের স্নিগ্ধতার কাছে সমর্পিত হতে চায়।
পৃথিবীর সেইসব স্বপ্ন, কোথাও বা নির্মাণসুখ
কে জানে কখন ধরা দেবে  ছোটো ছোটো হাতে
হয়তো বা ভাবছে ঝিম ধরা শান্তিনিকেতন ...

সূর্য উঠছে, দূর ক্রমশ আরও কাছের দিকে ---
আবারও শুরু হোক সেই আলো আলো খেলা ...
                             





ক্রমশ  স্পষ্টতর 

জীবনের পথ --- হেঁটে হেঁটে কোথাও
কোনো এক নির্দিষ্ট জায়গায়
পৌঁছনো গেল না ... অসহায় বোধ।
দূরে দূরে নন্দনতত্ত্ব; উর্বশী, অপ্সরা ---
ধ্রুপদি শিল্প, অধরা শৈলচূড়া, বন্দর-ঘাট
ছলনার প্রেম-প্রেম খেলা ---
এক-একটি কাহিনির শেষে অবান্তর ছবি
যেমন কবিতায় নদী ও পাহাড়, নিশিডাক,
শুনে শুনে যাবারই আয়োজন ...

এইসব না দেখেও দেখতেই হয়
অথচ যেটি দেখার জন্য অনিবার্য ভ্রমণ
সেই মুহূর্তটি হয়তো আর আসবেই না ...

ক্রমশ স্পষ্টতর কপালের বলিরেখা ...

                    



তোমার উতলা উত্তরীয় 

অনিঃশেষ সুখ পাওয়া চতুর্দিকে উজ্জ্বল আলো
কচিকাঁচাদের মুখে মুখে দীপ্তিমান পঁচিশে বৈশাখ ...
কবে, কবে ফিরে পাওয়া যাবে আবারও কাঙ্ক্ষিত দিন
সম্পাদকের চওড়া বুকে
নতুন রবীন্দ্রসংখ্যার রং
উড়ে উড়ে রবীন্দ্রসদন
থেকে মফসসল ও গ্রামে --- 
স্বপ্ন-সাজে তরুণ-
তরুণী কবি, বুঝিবা প্রেমিকা-প্রেমিক
সংস্কৃতির পতাকাতলে গানে গানে রাবীন্দ্রিক প্রেমে ...

কবে, কবে এই শান্তিনিকেতনে শুধুই রবীন্দ্রনাথ!
ক্ল্যাসিক্যাল আঁতেলের ভিড়ে ছাতিমতলা সিংহসদন
প্রান্তিক গোয়ালপাড়া সহ ক্যানেলের দু-পাশে
কলকাতা ভেঙে পড়া হুল্লোড়ে অন্বেষী আনন্দ-সুখ ...

ঢেকে রাখা পাংশুবর্ণ মুখে একশো ষাটতম দিন
আরও বেশি বিবর্ণ, নিরুপায় এবারের চোদ্দশো আটাশে
কবি, তুমি মুখ খোল; কবে, কবে গাইব সমস্বরে
তোমার উতলা উত্তরীয় তুমি আকাশে
উড়ায়ে দিয়ো ---"



ছবি : বিধান দেব 
       

 
 





 






 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন