মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

গুচ্ছ কবিতা : জিৎ পাল


 

কুমড়ো ফুলের আলো 
                


২৫
তোমার শরীর ঘেঁষে কালীর মন্দির,  তোমার ছায়ায় 
প্রপিতামহের মতো আগলে রেখে আছো
নেমেছে প্রচুর ঝুরি শরীরে ফার্ণের প্রসাধন 
মাথার ভেতরে স্নিগ্ধ লুকিয়ে রেখেছ 
পাখি ও পতঙ্গ কত
তাদের আওয়াজ ভেসে আসে, বিবাগী কুকুর দুটো
সারাটা দুপুর জুড়ে নিশ্চিন্তে ঝিমায়
পুজো দিতে আসা কিছু মহিলার খোকা 
ঝুরি ধরে দোল খায়, পড়ে যায় ,আবার নতুন করে দোলে
প্রতিদিন সন্ধ্যাবেলা পাখিদের কলধ্বনি
 নিশ্চিত পুজোর অংশ বলে মনে হয় 
মন্দিরের দ্বার বন্ধ করে 
ঝোলার ভেতরে সব কোলাহল নিয়ে
 পুরোহিত চলে যায় একা 

জ্যোৎস্নার ভেতর দূর থেকে মনে হয় 
হাজার হাজার মুণ্ডমালা জড়ো করে 
দাঁড়িয়ে রয়েছে এক বিশাল মা কালী 
মাথার মুকুট তার জ্বলে সারারাত 

২৬
যখন শ্রীফল আসে 
গাছের সমস্ত পাতা ধীরে ঝরে যায় 
মনে হয় গাছটিতে শুধু কিছু ফল ঝুলে আছে 
কখনও দুপুর বেলা কখনও বা রাতে 
ঝুপ করে পরে 
পাতাহীন গাছটিতে অথচ তখনও  কত কাঁটা  !

হঠাৎ ফলের লোভে গাছটিতে উঠে গেলে 
যতটা না ফল জোটে তার চেয়ে বেশি মেলে 
অদৃশ্য আঁচড় 
তারপর ধীরে ধীরে নতুন পাতারা দেখে 
দু একটি শ্রীফল ঝুলে তখনও শাখায়

হঠাৎ ফলের লোভে যারা যারা গিয়েছিল 
দূরের শহরে
অদৃশ্য আঁচড় নিয়ে কেউ কেউ ফিরে আসে গ্রামে

কেউ কেউ  দুটো একটা পেলে 
 সরবত বানায় তৃপ্ত 
আঁচড়ের দাগ মুছে ফেলে 

২৭
গ্রামের ভেতর দিয়ে সড়ক যোজনা পথ 
দুই পাশে আদিগন্ত ক্ষেত আর গাছ
বর্ষার সময়ে 
দু পাশে পাটের ক্ষেত রাস্তাটিকে সরু করে রাখে
রাতের বেলায় বাড়ি ফিরতে ফিরতে শুনি
প্রচুর ব্যাঙের ডাক পতঙ্গের রাতচরা পাখি
আকাশে শ্রাবণ মেঘ চাঁদ তারা ঢেকেছে আঁধারে 
পাটের আঁধার লেগে পথটিকে আরো বেশি অন্ধকার লাগে 
দু ব্যাটারি টর্চ জ্বালি অল্প স্বল্প বৃত্তের ভেতরে 
কালো কালো পিচ আর চটে যাওয়া নুড়ি পাথরের ছবি দেখি
বৃত্তটা এগিয়ে যায় আমাকেও সঙ্গে নিয়ে নিয়ে
আর মাত্র কিছুদূরে বাড়ি
আলো কমে আসে ম্লান কিছুক্ষণ পর নিভে যায় 
গন্তব্যের কাছে এসে আমাদের আলোগুলি
আজীবনকাল ধরে কোথায় হারায়? 

২৮
আমাদের গ্রামে দুটি টাওয়ার বসেছে
বাড়িতে বাড়িতে মোবাইল 
অনেক তরুণ আজ সুদৃশ্য বাইক নিয়ে ঘোরে
হুস করে চলে যায় আবার সশব্দে ফিরে আসে 

বিকেল বেলায় দূর শহরের ছেলে মেয়ে আসে 
রাস্তার দূপাশে বসে গল্প করে হাসে
আবার রাতের দিকে ফিরে চলে যায় 

রাতে বাড়ি ফেরার সময়
জ্যোৎস্নার আলোয় দেখি পথ পার্শ্বে পড়ে আছে 
বোতল কণ্ডোম ক্লান্ত ভাবে
আমরাও পড়ে আছি 
যেভাবে রেখেছে ফেলে তোমার শহর


ছবি : বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন