রবিবার, ২৯ আগস্ট, ২০২১

গুচ্ছ কবিতা ।। শরৎ চট্টোপাধ্যায়


 

অনেক কথা ও একটি আগুন


অনেক কথা বলতে গিয়ে ক্লান্ত হয়ে গেলে

সর্বস্ব খোয়ানো সেই ফুল বুকে হেলান দিয়ে দাঁড়ায়

সে বলেছিলো ফাগুন আসতে দেরী

আমি আগুন কিনে তার দুচোখ অন্ধ রেখেছি

কতকাল ভাষা পাল্টে চিরুনি

চুলের মুগ্ধতা থেকে দূর

অনন্ত প্রবাসের মতো দিন রাত

এক ঘর এক কোনে শুধু ক্লান্ত হয়েছে

রুমাল চিরে যে নীরবতা আসে সেই যাদু আংটির

মুহূর্ত চিনেও ভুল করি - আসলে ক্লান্তির

লোভটুকু ঘিরে আছে আমার পায়ের

বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে শান্ত হাতের অনামিকার

বোধ নির্বাচনে---

অনেক কথা বলতে গিয়ে একটি প্রেম

পথ আগলে ধরে,

ফুল ফোটা মুহূর্তের ঠিক আগে আমার

আত্মপরিচয় শুধু আগুন ধরে রাখতে চায়



শ্রাদ্ধের কাক ও একটি কলিংবেল


বাটি ধরে থাকে যে মহুয়ার হাত

তার কলিংবেলে ভুলেও আঙুল রেখো না

তার শ্রম ক্লান্তির ঘন ফেনায়

চাঁদ পাহাড়ি ঋতু

প্রথম চিঠিটি মাত্র

ঘটি ছুঁয়ে যে বসন্ত আসে

তার পাপড়িতে ভুলেও যেন

পরাগের কিশোরবেলা স্মৃতিতে না রাখো

অবুঝ হাঁটুতে তার

লেগে থাকে স্নায়ুর বারুদ

শ্রাদ্ধের কুলুঙ্গিতে একটি কাক জল খেয়েছে

তাকে তাড়িও না,

সে এখন বাতাসে কান পেতেছে মাত্র

আঙুল ছোঁয়ালে তুমিই পুড়ে যাবে


ছবি : বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন