রবিবার, ২৯ আগস্ট, ২০২১

গুচ্ছ কবিতা : অভিমন্যু মাহাত


 


উপজাতি প্রথা


কত অক্ষর, চন্দনপাতা ক্ষমা চেয়েছিল

চেয়েছিলাম, নিরুদ্বেগ বসন্তে অযোধ্যা এসো


কিন্তু হৃদয় তো এক সংসারী, কান পেতে থাকি

তুমি আসবে বলে কত সহজ রান্নার গন্ধ, 

উজানি পলাশ পরব


আমি তো চেয়েছিলাম

অপমানিত পাহাড় ভুলে যাবে চতুর্দশী চাঁদ,

শুধু তোমারই মুখোমুখি হবে;

একপাতে বসতে বলবে।

আর উপজাতি প্রথা মত

আমি মৃত্যুর প্রতি কিছু কোপানো বৃষ্টি রেখে যাব...



মানভূম


বয়ে আনা জলে গলা ভেজালাম

ডাউরি খালে পেলাম এক বীজমুলুক...

ছোটোমাপে আমরা সবাই আমিষভোজী।

ভাসমান পাথরকে ঠেস দেয় চুম্বন-রিপু

চাদর পাতব বলে জাতকের গল্প নিলাম,

প্রতিবেশী নিম-ছায়ার উঠোন দিয়ে যায়


পৌষ পরবের উঁন্ধি পিঠে তর্কহীন থাকে

তুমি তখনও বিষণ্ন পাহাড় মাপছ... 

ঋতুমতী হয়েও ইকো ড্যামের কিশলয় খুজছ 

এই মানভূমে সঙ্গমহীন থেকেও রেঁধে দিচ্ছ শ্রাবণ

যাতে আর ভাঙে না কিছু....


ছবি : বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন