মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

সম্পাদকের কথা


 আকাশ কিছুটা ঘোলাটে। মাঝে-মধ্যেই ঋতুরানি বর্ষা তার চঞ্চল কটাক্ষে আমাদের মোহিত করছে। আমরা যারা তার প্রেমিকপ্রবর তাকে পেয়ে খুশি। কিন্তু কিছুটা বিচলিত, বিভ্রান্তও। পৃথিবী এখনও পুরোপুরি সচল ও স্বাভাবিক নয়। এই পরিস্থিতিতে সাহিত্য সংক্রান্ত যে কোনও উৎসব অনুষ্ঠান বন্ধ। দুয়ারে খিল দিয়ে কত আর মন ভালো রাখা যায়! এই অবস্থার কাছে আমরা অসহায়। জীবনের দাবি অনেক। তবে সবচেয়ে বড় দাবি তার অস্তিত্বকে টিকিয়ে রাখা। আমরা এখন সেই কাজে ব্যস্ত। এই অতিমারির মধ্যে আগত ইয়াসের প্রভাবে জলমগ্ন ও সর্বস্বহারা আমাদের রাজ্যের বেশ কিছু এলাকা। মানুষ বড় কাঁদছে। সেই সঙ্গে চলে গেলেন আমাদের প্রিয় কবি গৌতম বসু ও সুব্রত ভুঁইয়া। সুব্রতদা ডায়মন্ডহারবারের মানুষ । কিছুটা হলেও তাঁর সঙ্গ পেয়েছি। কবি দীপক হালদার  ও বলরাম বাহাদুরের সঙ্গে একযোগে ডায়মন্ডহারবার থেকে এক সময় সম্পাদনা করেছেন অর্কেষ্ট্রা নামক সাহিত্য পত্রিকা। আমরা এঁদের প্রতি শ্রদ্ধাশীল। আর একটি সংখ্যা প্রকাশিত হলেই সাহিত্যের বেলাভুমি ব্লগ তার এক বছর পূর্ণ করবে। মাঝে-মধ্যেই ভেবেছি এক বছর পূর্ণ করে এই প্রকাশ বন্ধ করে দেব। আবার বন্ধুদের নতুন নতুন লেখার ইচ্ছাকে সাগ্রহে গুরুত্ব দিয়ে ভাবি এগিয়ে যাব। যে কোনও পরিস্থিতিতেই আমাদের আনন্দিত থাকতে হবে। ভালো থাকা মন্দ থাকার কোনওটিই যেন  আমাদের আনন্দসত্তাকে টলাতে না পারে।

1 টি মন্তব্য:

  1. সম্পাদকীয় পড়ে খুবই আনন্দ পেলাম। প্রকৃতির বর্ণনার সাথে সাথে এই সময়ের দলিলও উঠে এসেছে সুন্দরভাবে।
    প্রিয় কবিদের চলে যাওয়া ব্যথাতুর। মানিয়ে নেওয়া ছাড়া উপায় নেই যদিও।
    বছর পূর্ণ হলে ম্যাগাজিন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত একেবারেই বেমানান। সে তার নিজের গতিতে এগিয়ে চলুক অনন্তকালের দিকে।

    উত্তরমুছুন