শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

গুচ্ছ কবিতা : বিশ্বজিৎ মাইতি

 


 একটি কবিতার ভূত ,ভবিষ্যৎ ও বর্তমান

এই কবিতাটি প্রথমে লিখেছিল আমার এক 'ছাত্র কাম কবি'।
রাজপ্রাসাদের সামনের রাজপথে
শীতের কুয়াশায় দাঁড়িয়ে আছে কতকগুলো ট্রাক্টর:
এই রকম একটি দৃশ্যের কল্পনা করেছিল সে।
কিন্তু মানুষ-বিহীন কোনো শিল্পই হতে পারে না,
এইরকম একটি কপিবুক স্টাইলের চিন্তা থেকে,
চাষবাস ফেলে কয়েকজন কৃষক দাঁড়িয়ে আছে  ফ্যামিলি-সুদ্ধ,
রাজামশাই তখন এক ধামা মুড়িতে এক বালতি দুধ ঢেলে খাচ্ছেন!
এই রকম একটি কাল্পনিক দৃশ্যও জুড়ে দিলাম আমি,'অধ্যাপক কাম কবি'।

লিখিত কবিতাটি  'প্রুফরিডার কাম কবি'র হাতে ধরা পড়ল,
ছাত্রের লোক-প্রচলিত বানানবিধি বদলে ,
আমি যে বাজার-অনুমোদিত বানান বসিয়েছিলাম,তা চলবে না,
লিখতে হবে রাজপরিষদ অনুমোদিত বানানবিধিতে;
তবেই লেখাটি 'কবিতা' হিসাবে 'গণ্য' হবে।


স্বাভাবিক কবিতা

আকাশ থেকেই পড়ে;
তাই তার গায়ে জল মাটি লেগে থাকাই স্বাভাবিক।

মাটি ফুঁড়েই ওঠে;
তাই তার গায়ে আলো হাওয়া লেগে থাকাই স্বাভাবিক।

স্থির

কোনো ক্ষেত ছোট ছোট হলুদ সরষের ফুলে ভরা থাকবে,
কোনো ক্ষেতে আকাশছোঁয়া বনস্পতি–
সবকিছু স্থির আছে,জমিও তৈরি আছে সেইভাবে।

কোনো ফুল গুপ্ত থেকে যাবে চিরকাল,
কোনো ফুল মুক্ত হয়ে ছড়িয়ে পড়বে চরাচরে–
সবকিছু  স্থির আছে,হাওয়াও তৈরি আছে সেইভাবে।

সসাগরা পৃথিবীর অধীশ্বর তাই
জলকেলী করেন কন্যাসমাদের সাথে।

আপনি ও আমি

আপনি জানেন আমি এড়িগেড়ি,
আপনি বোঝেন আমি বোকাহাঁদা;
আপনার মতামত বেশ জমকালো,ভারী-
আপনার কাছ থেকে  পিছলে গিয়ে তাই,
স্বপ্নে মাছ হয়ে সাঁতার কাটি,
কল্পনায় পাখি হয়ে আকাশে উড়ি,
ভয়ে কর্পূরের মতো উবে যেতে চাই আমি।

এপিফ্যানি

তিনি আমাকে অনুপ্রাণিত করেন  'অপরিমেয় পথ' নিয়ে লিখতে ,
তিনি আমাকে স্বপ্নাদেশ দেন 'শীতল বাতাস' নিয়ে লিখতে।
কিন্তু আমি ওইসব লেখার মুডেই নেই তখন;
আমি  তখন একমনে  কল্পনা করি,
বুকে জলের মতো সহজে আগুন চেপে রেখে
তিনি নেমে যাচ্ছেন সিঁড়ি বেয়ে কুয়াশাচ্ছন্ন মাঠের দিকে!


সন্ধ্যেবেলার কবিতা

সন্ধ্যেবেলা চায়ের দোকানে
বন্ধুর জিভ টেনে ছিঁড়ে নিচ্ছে প্রতিশোধে উন্মত্ত যুবক,
অসহায় যুবতীটি বুকে টেনে নিচ্ছে লোকটিকে।

এইসব যুবক যুবতী
হতে পারে আমার বন্ধু ,ভাই, বোন,
এমনকী হতেও পারে
আমি এঁদের মাস্টারমশাই।

পাপিয়ার গান

ঝাউবন নিয়ে আমার এমন কোনো কল্পনা নেই যে
ঝাউবনের শোঁ শোঁ শব্দে আমার ঘুম ভেঙে যাবে।
আমার কোনো পোষা ইঁদুরও নেই
যার দৌড়ানোর পথে জলের কুঁজো উল্টে পড়বে,
টেবিলে ঢাকা দেওয়া খাওয়ার ছিটকে পড়বে মেঝেতে!

আমি শুধু চুপচাপ বসে থাকি রাত্রির কল্পনায়,
খয়েরি ডানার পাপিয়ার গান শোনার আকাঙ্ক্ষায়।




ছবি : বিধান দেব 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন