শিলালিপি
মেঘ কেটে যাওয়ার পর ঠিক কী হয়েছিল তখন
সেটাই জানার জন্য বেরিয়েছি
একেবারে একা
সহযাত্রীরা, সহকর্মীরা সকলে নিজ নিজ লক্ষ্যে পৌঁছালে
সুতরাং আর একটু এগিয়ে গিয়ে নির্জলা সত্যিটাই বলি
জনপ্রাণীর দেখা মেলেনি সেখানে, মানুষের কথা যদি নাও ধরি
যদিও চলে গিয়েছিলাম আগ্রহের বশে, সব পিছুটান ছেড়ে
রয়েছে কিনা অথবা দেখা পাওয়া যায় কিনা জানা নেই
লোকমুখে শুনি কত কথা
সে কোথায় দৃশ্যমান হয় - মনে জিজ্ঞাসা নিয়ে
পড়ার চেষ্টা করি শিলালিপি
ছুঁয়ে দেখি পাথর যার গায়ে কারা যেন সাজিয়েছে অজানা অক্ষর
বুঝি না সাংকেতিক ভাষা – ফলে
আকাশের বুক চিরে ক্রোধবহ্নি ঝলসে ওঠে বিদ্যুতের শিখায়
অতএব ঢেকে রাখি অভিমান দিয়ে, একবুক তৃষ্ণা দিয়ে
যেন সে আবার পশ্চিম-আকাশে জমা কালো মেঘ হয়ে
ঝরে পড়ে বৃষ্টির ফোঁটায়-ফোঁটায়
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন