প্রতিটি মনখারাপের নাম হোক সাঁঝবাতি সন্ধ্যা
স্নানভারে রোজ একটু একটু করে ডুবে যাচ্ছে
গামছা আর রুমালে বাঁধা মধ্যবিত্ত রোজনামচা,
কার হাত কতটা হলুদ, কে কোথায় রেখেছে ছাপ
এসব মাপার কোনো একক কেউ দেখেছে কি?
সুতরাং জল গড়িয়ে যায় বিছানার এপাশ ওপাশ,
এক একদিন এক এক বালিশের ভেজার পালা।
সকালে আবারও সূর্য ওঠে, দিন পুরানো হয়
মাথার ওপর টাচ করে আলতো গোধূলি বাতাস,
নিপুণ কৌশলে জাদুকর খুঁজে নেয় সরঞ্জাম
দীর্ঘশ্বাস বদলে যায় জলে নামার ডাকে,
কচুরিপানার ভেতর ডাহুক ঠিক বেছে নেয়
নরম মাছের আদর আর স্নেহ দিনকাল।
সম্ভাবনা জেগে ওঠে সংসারের মায়াচরে
সমস্ত কষ্টের ভেতর জেগে ওঠে সাঁঝবাতি রং।
ছবি: বিধান দেব

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন